মুক্তিযোদ্ধার ড্র, বিজেএমসির জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ড্র করলেও জিতেছে বিজেএমসি।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফেনী সকার ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। একই ভেন্যুতে বিজেএমসি ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে।
ফেনী সকারের সঙ্গে ড্র করে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে চতুর্থ স্থানে। সমান ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ফেনী সকার।
ম্যাচের ৩১ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার আগুবুলু ইনালেগুর গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। তার স্বদেশী স্ট্রাইকার এনকোচা কিংসলের একটি সাইডভলি ফেনীর গোলরক্ষক রুখে দিলেও আগবুলুর গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।
তবে ছয় মিনিট বাদেই সমতায় ফেরে ফেনীর দলটি। একটি কর্নার কিকে ব্যাক হেড করেন মিডফিল্ডার আজমল হোসেন বিদ্যুত। আর বিদ্যুতের ঐ হেডে আলতো পুশ করে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার আকবর হোসেন রিদন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠলেও সাফল্য পায়নি মুক্তিযোদ্ধা। বিশেষ করে ম্যাচের ৮০ মিনিটে বদলী স্ট্রাইকার ইকবাল হোসেন গোলরক্ষকে একা পেয়েও গোল করতে পারেননি। তার শট সাইডবার ঘেষে বাইরে চলে যায়।
দুই মিনিট পর ইকবালের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ফেনী গোলরক্ষক মোহাম্মদ নেহাল।
বিজেএমসি-চট্টগ্রাম আবাহনী
চট্টগ্রাম আবাহনীকে একমাত্র গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দুই ম্যাচ পর জয় পেল বিজেএমসি।
এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বিজেএমসি আছে ষষ্ঠ স্থানে। আর এক ম্যাচ বেশি খেলে চট্টগ্রাম আবাহনী ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তলানিতে।
বিজেএমসির জয়ের নায়ক গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা। ম্যাচের ইনজুরি সময়ে মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজের ফ্রি-কিকে চমৎকার হেডে গোলটি করেন ইসমাইল।
নির্ধারিত সময়ের পুরোটা সময় জুড়েই লক্ষ্যহীন ফুটবল খেলেছে দু’দল। বেশিরভাগ সময় মাঝমাঠেই সীমাবদ্ধ ছিল তাদের প্রতিদ্বন্দ্বিতা। ফলে গোল করার মতো তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেনি তারা।
