এক মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো
আর্সেনালকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষস্থান দখলের আনন্দ উপভোগ করতে-করতেই একটা দুঃসংবাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। হ্যামস্ট্রিং বা পায়ের পেশির চোটের কারণে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরোকে।
তাই তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে আগুয়েরোকে পাচ্ছে না ম্যান সিটি। প্রথমটি আগামী সোমবার ইপিএলে চেলসির বিপক্ষে। ১৫ ফেব্রুয়ারি এফএ কাপের পঞ্চম রাউন্ডেও ম্যান সিটির প্রতিপক্ষ জোসে মরিনিয়োর দল।১৮ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের ‘রাউন্ড অফ সিক্সটিন’ বা শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগে ম্যান সিটি বার্সেলোনাকে স্বাগত জানালেও আগুয়েরোকে থাকতে হবে দর্শকের আসনে।শুক্রবার সমর্থকদের দুঃসংবাদটা দিয়ে ম্যান সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি বলেন, “স্যার্হিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমার মনে হয় আমরা তার বিকল্প খুঁজে পাব।”“দলের স্ট্রাইকার আলভারো নেগ্রেদো, এদিন জেকো বা স্টেভান ইয়োভেতিচ তার বিকল্প হতে পারে।”গত বুধবার ইপিএলে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৫-১ গোলে জয় পাওয়া ম্যাচে চোট পান আগুয়েরো। ঐ ম্যাচে গোলও করেছিলেন তিনি। এ মৌসুমে ২২ ম্যাচ খেলে তার গোল ২৬টি।
