লি না’র শিরোপা-স্বপ্নে শেষ বাধা সিবুলকোভা
এর আগে দু’বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি চীনের লি না। এবার তাই মেলবোর্ন পার্কে চূড়ান্ত সাফল্য পেতে তিনি মরিয়া। শনিবার মহিলা এককের ফাইনালে এই চতুর্থ বাছাইয়ের প্রতিপক্ষ স্লোভাকিয়ার ২০তম বাছাই দোমিনিকা সিবুলকোভা।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ২০১১ ও ২০১৩ সালের ফাইনালে দু’বারই প্রথম সেট জিতেও চ্যাম্পিয়ন হতে পারেননি আগামী ২৬ ফেব্রুয়ারি ৩২ বছর পূর্ণ করতে যাওয়া লি না। ২০১১ সালে বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স আর গত বছর হেরে যান বেলারুশের ভিক্তোরিয়া আজারেঙ্কার কাছে।২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে চীনকে প্রথম টেনিসের গ্র্যান্ড স্লাম এনে দেয়া লি না তৃতীয়বার হতাশ হতে রাজি নন। তিনি বলেন, “আশা করি শিরোপা জিততে পারবো। এখানে খেলার জন্য আমি সবসময় উদগ্রীব হয়ে থাকি। আমি মনে করি আমি প্রস্তুত।”অন্যদিকে প্রথমবারের কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেও আত্মবিশ্বাসের অভাব নেই ২৪ বছর বয়সী সিবুলকোভার। অবশ্য ফাইনালে উঠতে পেরেই তিনি যেন আনন্দে আত্মহারা।সিবুলকোভা বলেন, “গ্র্যান্ড স্লামের ফাইনালে সে (লি না) অনেকবার খেলেছে। একটা গ্র্যান্ড স্লামও জিতেছে। তাই সে জানে এর স্বাদ কেমন।”“অন্যদিকে এটাই আমার প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। সত্যি, এটা দারুণ একটা ব্যাপার। ঠিক যেন স্বপ্নের মতো। আমি শুধু নিজের সেরা খেলার চেষ্টা করবো, চেষ্টা করবো নিজের সেরাটা দেয়ার।”
