ফ্যালকাওয়ের চোট নিয়ে দুশ্চিন্তায় কলম্বিয়া
বিশ্বকাপের আর ছয় মাসও বাকি নেই। অথচ ঠিক এই সময়ে এক দুঃসংবাদ থমকে দিয়েছে কলম্বিয়াকে। বাঁ হাঁটুতে চোট পাওয়ায় বিশ্বকাপে না-ও খেলতে পারেন কলম্বিয়ার সেরা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও।
বুধবার ফ্রেঞ্চ কাপের একটি ম্যাচ খেলার সময় ব্যথা পান মোনাকোর হয়ে খেলা ফ্যালকাও। এরপর স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।পরে এক বিবৃতিতে মোনাকো জানিয়েছে, “রাদামেল ফ্যালকাও বাঁ হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছে। অস্ত্রোপচার করাতে হবে। তার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য চিকিৎসকরা সাধ্যমতো সব কিছু করবেন।”ঠিক কবে নাগাদ ফ্যালকাও মাঠে ফিরবেন সে সম্পর্কে মোনাকো পরিষ্কার করে কিছু না বললেও স্প্যানিশ বার্তা সংস্থা ‘ইএফই’ জানিয়েছে, পুরোপুরি সেরে উঠতে অন্তত ছয় মাস সময় লাগবে তার।কলম্বিয়াকে বিশ্বকাপে নিয়ে যেতে প্রধান ভূমিকা ছিল ২৭ বছর বয়সী ফ্যালকাওয়ের। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দলের পক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেন তিনি। কলম্বিয়ারও তাই দ্বিতীয় হয়ে সরাসরি ব্রাজিল-যাত্রা নিশ্চিত করতে সমস্যা হয়নি।
