৬ দল নিয়ে ক্লাব কাপ হকি
ক্লাব কাপ হকি টুর্নামেন্ট শুরুর একদিন আগে নাম প্রত্যাহার করে নিয়েছে সাধারণ বীমা। তাই মঙ্গলবার ছয় দল নিয়েই মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।
একটি দল কমে যাওয়ায় টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনতে হয়েছে হকি ফেডারেশনকে। ম্যাচের সংখ্যাও কমে গেছে।
মঙ্গলবার উদ্বোধনী দিনে দুইটির বদলে একটি ম্যাচ হবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে আবাহনী লিমিটেড ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যের এই ম্যাচ।
টুর্নামেন্ট শেষ হবে ১৫ জানুয়ারি। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে সাত দল অংশ নেবে বলে নিশ্চিত করেছে হকি ফেডারেশন।
এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মেরিনার্স ইয়াংস ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাব ফেডারেশনের বর্তমান কমিটির হকির কোন কার্যক্রমে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এখনও তারা সেই সিদ্ধান্তে অনড় রয়েছে।
ক্লাব কাপের ছয় দল হলো, ঊষা ক্রীড়া চক্র, অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও আজাদ এসসি (‘ক’ গ্রুপ); আবাহনী লিমিটেড, সোনালী ব্যাংক ও ওয়ান্ডারার্স ক্লাব (‘খ’ গ্রুপ)।
