পাপী থেকে সাধু সুয়ারেসে ভরসা লিভারপুলের
এর আগে খুব কম খেলোয়াড়ই লিভারপুল তারকা লুইস সুয়ারেসের মতো 'পাপী' থেকে 'সাধু'তে বদলে যেতে পেরেছেন। এখন উরুগুয়ের এই স্ট্রাইকারের সামনে সুযোগ এসেছে অনন্য এক উচ্চতায় পৌঁছানোর। বড়দিনের পরপরই গুরুত্বপূর্ণ দু'টি ম্যাচেও বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে দলকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেয়ার পথে অনেকটাই এগিয়ে দেবেন সুয়ারেস।
গত এপ্রিলে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড় দেয়ায় ১০ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন সুয়ারেস। ওই মৌসুমের শেষে লিভারপুল ছাড়তেও মরিয়া হয়ে ক্লাব সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন, এখন তিনি উল্টো 'চোখের মণি'।
লুইস সুয়ারেসকে এখন রুখে সাধ্য কার। এ মৌসুমে বাকি ছয় ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে মাঠে ফেরার পর থেকেই একের পর এক গোল করে চলেছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
লিগে বড়দিনের ঠিক আগের রাউন্ডে শনিবার কার্ডিফের জালে জোড়া গোল করে লিভারপুলকে পয়েন্ট তালিকার শীর্ষে নিয়েছেন। লিগে আগের ম্যাচেও টটেনহ্যামের জালে দুই গোল দিয়েছেন, বাকি তিনটি গোলেও আছে তার অবদান। নরউইচ সিটির বিপক্ষে তো অন্য গ্রহের ফুটবল খেলে গোল পেয়েছিলেন এক হালি।
নরউইচ সিটির বিপক্ষে চারটি গোল করার পর লুইস সুয়ারেসের বিস্ময়।
কার্ডিফ সিটির বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি আরেকটি গোলেও অবদানও রেখেছেন এই স্ট্রাইকার।
বড়দিনের পরদিন আগামী বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে থাকা ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে যাবেন লিভারপুল। এরপর রোববার আরেক প্রতিদ্বন্দ্বী চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে যাবে অ্যানফিল্ডের এই ক্লাবটি। ঘরের বাইরের এই দুটো ম্যাচ জিততে পারলে লিভারপুল অনেকখানি এগিয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার পথে, যা এখন ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করা সুয়ারেসের স্বপ্ন।
লিভারপুলের ওয়েবসাইটে সোমবার সুয়ারেস বলেন, "এটা আমার স্বপ্ন। আমি লিভারপুলের সঙ্গে লিগ জিততে চাই।
দুর্দান্ত খেলে গত কয়েক ম্যাচ ধরে লিভারপুলের জয়ের নায়ক সুয়ারেস।
গতবার চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে বড়দিন পালন করেছিল। তখন পর্যন্ত তৃতীয় স্থানে থাকা চেলসির চেয়ে তারা এগিয়ে ছিল ১১ পয়েন্টের ব্যবধানে।
আর এবার ২ পয়েন্টের ব্যবধানে আছে প্রথম পাঁচটি দল, ৮ পয়েন্টের মধ্যে আছে আটটি। লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, এভারটন, নিউক্যাসল, টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড সবার সামনেই রয়েছে সেরা চারের মধ্যে লিগ শেষ করার বাস্তবসম্মত সম্ভাবনা।
এদের মধ্যে সুয়ারেসের ডানায় ভর করে উড়তে থাকা লিভারপুলের পরীক্ষাটাই সবার আগে। ঘরের বাইরের দুটো ম্যাচে মেজাজি এই স্ট্রাইকার বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে 'অলরেডস' নামে পরিচিত দলটি অনেকখানিই এগিয়ে যাবে শিরোপা লড়াইয়ে।
