লিভারপুলেই থাকছেন সুয়ারেস
গত মৌসুমের শেষে লিভারপুল ছাড়তে মরিয়া হয়ে পড়া লুইস সুয়ারেস শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে সম্পর্কটা আরো দৃঢ় করলেন। লিভারপুলের সঙ্গে সাড়ে চার বছরের নতুন চুক্তি করেছেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।
২০১১ সালের জানুয়ারিতে লিভারপুলের অ্যানফিল্ডে যোগ দিয়েছিলেন সুয়ারেস। পুরনো চুক্তি অনুযায়ী ২০১৬ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলার কথা ছিল তার।
নতুন চুক্তিতে দারুণ ফর্মে থাকা সুয়ারেসের বেতনও বেড়েছে অনেক। চলতি মৌসুমের শেষ পর্যন্ত প্রতি সপ্তাহে এক লাখ ৬০ হাজার পাউন্ড (দুই লাখ ৬১ হাজার ডলার) বেতন পাবেন তিনি। আর বাকি চার বছর তার সাপ্তাহিক বেতন হবে দুই লাখ পাউন্ড বা তিন লাখ ২৭ হাজার ডলার।
‘অল রেড’ নামে পরিচিত লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করতে পেরে দারুণ উচ্ছ্বসিত সুয়ারেস। আগামী কয়েক মৌসুমে দলটির হয়ে সর্বোচ্চ সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী সুয়ারেস বলেন, “আমার বিশ্বাস লিভারপুলের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলতে এবং শিরোপা জিততে পারবো। যত দ্রুত সম্ভব দলের হয়ে ঐ স্বপ্ন পূরণটাই আমার লক্ষ্য।”
লিভারপুলের জার্সিতে সুয়োরেস আজ উচ্ছ্বসিত হলেও গত মৌসুমের শেষে দৃশ্যপট ছিল কিন্তু পুরো ভিন্ন। লিভারপুল ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি।
গত এপ্রিলে চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড় দেয়ায় ১০ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন সুয়ারেস। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে মাঠে ফেরার পর থেকেই একের পর এক গোল করে চলেছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ১১ ম্যাচে ১৭ গোল করেছেন তিনি।
খারাপ সময় কাটিয়ে পুনরায় দলের সাফল্যে অবদান রাখতে পেরে স্বাভাবিকভাবেই খুশি সুয়ারেস। ভক্তদের ধন্যবাদ জানিয়ে লিভারপুল টিভিকে তিনি বলেন, “এই শহরটাকে এবং এখানকার সমর্থকদের খুব ভালোবাসি আমি। তারা আমাকে সাহায্য করেছে আর আমি মাঠে সেরাটা দেয়ার চেষ্টা করেছি।”
