ক্লাব বিশ্বকাপও বায়ার্নের
মরক্কোর রাজা কাসাব্লাঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছে ইউরোপীয় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এ নিয়ে ২০১৩ সালে পাঁচটি টুর্নামেন্ট জিতলো জার্মানির এই ক্লাবটি।
এর আগে এ বছর চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা, জার্মান কাপ ও উয়েফা সুপার কাপ জিতে পেপ গার্দিওয়ার দল।
সেমি-ফাইনালে ব্রাজিল তারকা রোনালদিনিয়োর আতলেতিকো মিনেইরোকে হারিয়ে চমক দেখিয়েছিল স্বাগতিক ক্লাবটি। কিন্তু ফাইনালে বায়ার্নের জয় অনুমিতই ছিল।
মরক্কোর মারাকাশে শনিবার রাতে প্রথমার্ধে ব্রাজিলের ডিফেন্ডার দান্তে ও মিডফিল্ডার তিয়াগো আলকানতারার গোলে জয় নিশ্চিত হয়ে যায় জার্মান চ্যাম্পিয়নদের।
অবশ্য কোচ পেপ গার্দিওয়ার এটি তৃতীয় শিরোপা। এর আগে বার্সেলোনার হয়ে দুইবার ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন তিনি।
রোনালদিনিয়োর মিনেইরোর সান্ত্বনার জয়
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন গোয়ানজো এভারগ্রান্দেকে ৩-২ গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আতলেতিকো মিনেইরো।
সেমি-ফাইনালে মরক্কোর রাজা কাসাব্লাঙ্কার কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল তারকা রোনালদিনিয়োর মিনেইরো।
লাল কার্ড দেখলেন রোনালদিনিয়ো।
তবে ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে প্রতিপক্ষে খেলোয়াড়কে লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদিনিয়ো। তবে ইনজুরি সময়ে লুয়ানের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মিনেইরো।
