রোনালদিনিয়োর মিনেইরোকে হারিয়ে ফাইনালে কাসাব্লাঙ্কা
শেষ ১০ মিনিটের দুই গোলে ব্রাজিলের আতলেতিকো মিনেইরোকে ৩-১ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কোর রাজা কাসাব্লাঙ্কা। শনিবার ফাইনালে তারা খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে।
মরক্কোর মারাকেশে বুধবার রাতে সেমি-ফাইনালের ৪টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। শুরুতেই মহসিন ইয়াজুরের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকা রোনালদিনিয়ো অসাধারণ এক বাঁকানো ফ্রি-কিকে গোল করে সমতায় ফেরান মিনেইরোকে।
ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কাসাব্লাঙ্কাকে আবার এগিয়ে দেন মৌতোয়ালি। ইনজুরি সময়ে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ভিয়ানি মাবিদে।
এর আগে মঙ্গলবার এশিয়ার চ্যাম্পিয়ন গোয়ানজো এভারগ্রান্দেকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে বায়ার্ন মিউনিখ।
