ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন
এশিয়ার চ্যাম্পিয়ন গোয়ানজো এভারগ্রান্দেকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইউরোপের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
মরক্কোর আগাদিরে মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালের ৪০ মিনিটে গোলের খাতা খোলেন বায়ার্নের ফ্রাঙ্ক রিবেরি। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুন করেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচ।
বিরতির দুই মিনিট পর মারিও গোটসে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী জার্মান ক্লাবটির জয় নিশ্চিত করেন।
গোটসে, রিবেরি ও জেরদান শাচিরির গোলের প্রচেষ্টা গোলবারে ব্যর্থ না হলে আরো বড় জয় পেত প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠা বায়ার্ন।
শনিবারের ফাইনালে বায়ার্ন মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আতলেতিকো মিনেইরো ও মরোক্কোর চ্যাম্পিয়ন রাজা কাসাব্লাঙ্কার মধ্যে ম্যাচে জয়ী দলের সঙ্গে।
