বিশ্ব দাবায় হারের পর ঘুরে দাঁড়ালো ফাহাদ
সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে তরুণদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ জেতার পর হারলেও পরের রাউন্ডেই আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
এই প্রতিযোগিতায় দশ বছরের বিভাগে খেলছে ফাহাদ। শনিবার হয় চতুর্ধ ও পঞ্চম রাউন্ডের খেলা।
সকালে চতুর্থ রাউন্ডে ফাহাদ কালো নিয়ে হেরে যায় শ্রীলঙ্কার তিলকরত্নে গামাপাহা মুদিয়ানসেলাগে হারশানার কাছে।
বিকেলে পঞ্চম রাউন্ডে ফ্রান্সের মাচে জাওয়াদকে সাদা নিয়ে হারায় ফাহাদ।
১১ রাউন্ডের এই প্রতিযোগিতা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
শুরুতে বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতার বিভিন্ন বয়স বিভাগে চার জনের খেলার কথা থাকলেও ফেডারেশনের আর্থিক সংকটের কারণে যেতে পেরেছে কেবল ফাহাদ।
ফাহাদ মাত্র ১০ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হয়েছে। এর আগে জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এই দাবাড়ু।
