লড়াই জমিয়ে তুললো ম্যান সিটি
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালকে ৬-৩ গোলে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি।
তবে লিগের শীর্ষাসনে কোনো পরিবর্তন হয়নি। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচ থেকে ম্যান সিটির সংগ্রহ ৩২ পয়েন্ট।
টানা তিনটি করে জয়ের পর গত সপ্তাহে দুই দলই ড্র করেছিল। সাউথহ্যাম্পটনের মাঠ থেকে ম্যান সিটি ফিরেছিল ১-১ গোলের ড্র নিয়ে। এভারটনের সঙ্গে স্বাগতিক আর্সেনালের ফলাফলও ছিল একই।
শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১৪ মিনিটের সময় এগিয়ে যায় ম্যান সিটি। ফরাসি মিডফিল্ডার সামির নাসরির কর্নার থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিন দেমিচেলিসের মাথা ছুঁয়ে বল পান আরেক আর্জেন্টাইন স্যার্হিও আগুয়েরো। ছয় গজ দূর থেকে নেয়া তার সাইড ভলি ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক।
এবারের লিগে আগুয়েরোর এটি ত্রয়োদশ এবং মৌসুমে ১৯তম গোল।
৩১ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান ফরোয়ার্ড থিও ওয়ালকট। মেসুত ওজিলের কোণাকুণি পাস ধরে প্রায় ১৮ মিটার দূর থেকে নেয়া দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
৩৯ মিনিটে আবার এগিয়ে যায় স্বাগতিক দল। আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো জাবালেতার পাস থেকে আলতো শটে গোল করেন এর আগে দুটো সুযোগ নষ্ট করা স্পেনের স্ট্রাইকার আলভারো নেগ্রেদো।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান ৩-১ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনিয়ো। অতিথি রক্ষণভাগের ব্যর্থতায় বল দখলে নিয়ে লক্ষ্যভেদের আগ পর্যন্ত অনেকটা সময় পান তিনি।
৬৩ মিনিটে ওয়ালকটের দ্বিতীয় গোলে লড়াই জমে ওঠে। ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামজির পাস থেকে পোস্টের ওপরের কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন ওয়ালকট।
তবে তিন মিনিট পর স্প্যানিশ স্ট্রাইকার দাভিদ সিলভার গোলে স্বাগতিকদের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।
৮৮ মিনিটে নাসরির পাস থেকে ফার্নানদিনিয়োর লক্ষ্যভেদ এবং ইনজুরি সময়ে ইয়াইয়া তোরের সফল পেনাল্টি বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দেয় ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়নদের।
মাঝে আর্সেনালের পক্ষে তৃতীয় গোল করেন জার্মান ডিফেন্ডার পিয়ার মার্টেস্যাকার।
