ফরাসি লিগে দ্বিতীয় স্থানে মোনাকো
আজাকসিওকে হারিয়ে ফরাসি লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো। সোমবার ঘরের মাঠে বড় বাজেটের দল মোনাকো জিতেছে ১-০ গোলে।
কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের অনুপস্থিতিতে মোনাকোর জয়ের নায়ক স্ট্রাইকার ইমানুয়েল রিভিয়ের। প্রথমার্ধে স্বাগতিকদের ধারাবাহিক আক্রমণ প্রতিহত করলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি আজাকসিওর রক্ষণভাগ।
৬২ মিনিটে মিডফিল্ডার জ্যঁ বাপতিস্তে পিয়েরাজ্জি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। সে সুযোগ কাজে লাগিয়ে ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন রিভিয়ের।
তবে শুধু এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে আসতে পারতো না মোনাকো। দিনের অন্য ম্যাচে লিল হেরে যাওয়াতেই তা সম্ভব হয়েছে। বোর্দোর মাঠে ১-০ গোলে হেরেছে তারা।
১৭ ম্যাচ শেষে দুই নম্বরে উঠে আসা মোনাকোর পয়েন্ট ৩৮। ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে লিল।
শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪০। সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের নৈপুণ্যে সোশোকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।
