ইব্রাহিমোভিচের জোড়া গোলে পিএসজির বড় জয়
বিশ্বকাপে সুইডেনের ঠাঁই হয়নি দেখে আলোচনায় নেই জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু ক্লাবের হয়ে দারুণ খেলে ভক্তদের আক্ষেপটা বাড়িয়েই চলছেন তিনি। তার জোড়া গোলে ফরাসি লিগে সোশোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।
শনিবার রাতে ম্যাচের ১৪ মিনিটে ইব্রাহিমোভিচের ক্রস থেকে গোলের খাতা খোলেন ব্রাজিলের থিয়াগো সিলভা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন আজেন্টিনার এসিকিয়েল লাভেসি, গোলের উৎস ইব্রার সঙ্গে তার বল দেয়া-নেয়া। তৃতীয় গোলেও ভূমিকা দীর্ঘদেহী এই স্ট্রাইকারের। ইব্রার ক্রসটি দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলটি করেন উরুগুয়ের তারকা এদিনসন কাভানি।
ম্যাচে দুর্দান্ত খেলা ইব্রাহিমোভিচও ম্যাচের শেষ দিকে গোল দু'টি পান। ১৩ গোল করে এখন লিগ ওয়ানের সেরা গোলদাতা এই সুইডিশ তারকা।
গত বুধবার ৩৬ ম্যাচ পর হারের স্বাদ পায় পিএসজি। দুর্বল ইভিয়ার কাছে ২-০ গোলে হারলেও অবশ্য শীর্ষস্থান হারায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবারের ম্যাচের পর ১৭ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা লিলের চেয়ে চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে তারা।
আর আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচেই আছে সোশো।
