'চাই না আমার ব্যালন ডি অর'
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফা ব্যালন ডি' অর পাওয়ার দাবি তুলে ধরে নিজের ঢোল নিজেই বাজাচ্ছেন বায়ার্ন মিউনিখ তারকা ফ্রাঙ্ক রিবেরি। আরেক দাবিদার রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো মুখে কিছু না বললেও তার হয়ে সরব ক্লাব কর্মকর্তা ও সমর্থকরা। সে তুলনায় টানা চারবার এ পুরস্কার জেতা বার্সেলোনার মেসি ও তার সমর্থকরা চুপচাপই আছে। তবে এ আলোচনায় নতুন করে যোগ দিলেন পিএসজি তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
দারুণ ফর্মে থাকা সুইডেনের এই তারকা নিজের দেশকে ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠাতে পারেননি; তবে তার ফরাসি দল পিএসজিকে ঠিকই সাফল্য এনে দিচ্ছেন।
ইব্রার নৈপুণ্যে সহজেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠে গেছে পিএসজি। গ্রুপ পর্বে রোনালদোর মতোই রেকর্ড ৮টি গোল করেছেন তিনি। শেষ ম্যাচে থাকছে তা একার করে নেয়ার সুযোগও।
গত মৌসুমে পিএসজিকে লিগ ওয়ানের শিরোপা জেতানো ইব্রা তাই বললেন, "আমি যে সেরা তা জানতে আমার ব্যালন ডি' অর চাই না। অবশ্য এটা কোনো কোনো খেলোয়াড়ের প্রয়োজন হতে পারে।"
এর আগে সুইডেনের কোনো ফুটবলার ব্যালন ডি অর বা ফিফার বর্ষসেরা পুরস্কার জিততে পারেননি। তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না বার্সেলোনা ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।
"এ নিয়ে আমি ভাবছি না, এটাকে আমি আমার জন্য গুরুত্বপূর্ণও মনে করছি না।"
আগামী মাসের শুরুর দিকে বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত ২৩ জনের মধ্য থেকে শীর্ষ তিন জনের নাম ঘোষণা করবে ফিফা। জুরিখে বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী বছরের ১৩ জানুয়ারি।
