ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় বায়ার্নের আধিপত্য
ফিফার বর্ষসেরা পুরস্কারের জন্য ২৩ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে ছয় জনই চ্যাম্পিয়ন্স লিগজয়ী বায়ার্ন মিউনিখের।
মঙ্গলবার এ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বায়ার্ন মিউনিখের জার্মান ফুটবলার মানুয়েল নয়ার, বাস্তিয়ান শোয়েইনস্টাইগার, টমাস মুলার ও ফিলিপ লাম এবং ফরাসি ফ্রাংক রিবেরি ও ডাচ আরিয়ান রোবেন ফিফা ব্যালন ডি অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন।
বার্সেলোনা থেকে ঠাঁই পেয়েছেন চারবার পুরস্কার জেতা আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিল তারকা নেইমার, স্পেনের চাভি ও আন্দ্রেস ইনিয়েস্তা।
রিয়াল মাদ্রিদ থেকে আছেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও ওয়েলসের গ্যারেথ বেল।
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে আছেন এডেন হ্যাজার্ড, মেসুত ওজিল, লুইস সুয়ারেস, ইয়াইয়া তুরে ও রবিন ফন পার্সি।
দক্ষিণ আমেরিকা থেকে মেসি, নেইমার ছাড়াও আছেন রাদামেল ফ্যালকাও, এদিনসন কাভানি, লুইস সুয়ারেস, থিয়েগো সিলভা; অবশ্য এরা সবাই ইউরোপে খেলেন।
এক বিবৃতিতে ফিফা জানায়, “ফিফা ফুটবল কমিটির ও ফ্রান্স ফুটবলের বিশেষজ্ঞরা এই ২৩ জনকে মনোনীত করেছেন।”
এই ২৩ জন থেকে ফিফা ব্যালন ডি অর পুরস্কারের জন্য খেলোয়াড় নির্বাচন করবেন জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা।
জুরিখে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী বছরের ১৩ জানুয়ারি।
বর্ষসেরা কোচ
বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো সাবেক কোচ ইয়ুপ হাইনকেস, ব্রাজিলকে কনফেডারেশন কাপ জেতানো লুইস ফেলিপে স্কলারি ও চেলসিকে ইউরোপা ট্রফি জেতানো বর্তমানে নাপোলির কোচ রাফায়েল বেনিতেস।
১০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন ও আর্সেনালের আর্সেন ভেঙ্গা।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে কোনো শিরোপা জেতাতে না পারা বর্তমান চেলসি কোচের এ তালিকায় থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
