সেরা গোলের লড়াইয়ে নেইমার, ইব্রাহিমোভিচ
ফিফার বর্ষসেরা গোলের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ব্রাজিলের নেইমার ও সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচের গোল।
আরো আটজনের সঙ্গে তারা লড়বেন ফিফার পুসকাস পুরস্কার ২০১৩ -এর জন্য।
ফুটবলপ্রেমীরা এই দশ জনের গোল থেকে সেরা তিনটির জন্য ভোট দেবেন। আগামী ৯ ডিসেম্বর তিনটি সবচেয়ে জনপ্রিয় গোল বেছে নেয়া হবে।
এরপর তিনটি গোল থেকে সেরাটি বেছে নিতে আবার ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা।
কনফেডারেশন্স কাপে জাপানের বিপক্ষে দূর থেকে জোরালো শটে অসাধারণ এক গোলের জন্য সংক্ষিপ্ত তালিকায় এসেছেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমার। প্রথম ফুটবলার হিসেবে দুই বার এই পুরস্কার জেতার সম্ভাবনা আছে তার। এর আগে ২০১১ সালের পুরস্কার তিনি পেয়েছিলেন আগের ক্লাব সান্তোসের হয়ে করা একটি গোলের জন্য।
ইংল্যান্ডের বিপক্ষে গোলের পর ইব্রাহিমোভিচের উদযাপন।
আগামী ১৩ জানুয়ারি ব্যালন ডি'অর অনুষ্ঠানে পুসকাস পুরস্কারও ঘোষণা করা হবে।
