নকআউট পর্বের দ্বারপ্রান্তে আর্সেনাল
ইউরোপ সেরার মঞ্চে টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্বের টিকেট এখন অনেকটাই নিশ্চিত আর্সেনালের।
মঙ্গলবার গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডে ফ্রান্সের অলিম্পিক মার্সেইকে ২-০ গোলে হারিয়েছে ‘গানার্স’ নামে পরিচিত ইংল্যান্ডের দলটি।
গ্রুপের অপর ম্যাচে ইতালির নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয়ের নায়ক জ্যাক উইলশেয়ার। দুটি গোলই করেছেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।
ফরাসি ডিফেন্ডার বেকারি সাইনয়ার পাস ম্যাচের ৩০ সেকেন্ডের মধ্যে দলকে এগিয়ে নেন উইলশেয়ার।
৩৮ মিনিটে ব্যবধান ২-০ করতে পারতেন মৌসুমের শুরুতে আর্সেনালে নাম লেখানো জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল। কিন্তু পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। ওজিলের দুর্বল শটটি ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক স্টিভ মাদানদা।
তবে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে আগের ব্যর্থতা কিছুটা হলেও পুষিয়ে দেন ওজিল। তার পাস থেকেই দলের জয় নিশ্চিত করেন উইলশেয়ার।
চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে আর্সেনাল। বরুসিয়া ও নাপোলির পয়েন্ট সমান ৯।
শেষ ম্যাচে নাপোলির মাঠে ড্র করলে তো বটেই, তিন গোলের ব্যবধানে না হারলেও নক-আউট পর্বে উঠবে আর্সেনাল। আর ন্যূনতম এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।
বরুসিয়া ডর্টমুন্ড শেষ ম্যাচটি খেলবে দুর্বল দল অলিম্পিক মার্সেইয়ের সঙ্গে। ফরাসি দলটি এখন পর্যন্ত একটিও পয়েন্ট পায়নি।
