নাপোলিকে হারিয়ে প্রতিশোধ ডর্টমুন্ডের
নাপোলির মাঠে হেরে ইউরোপ সেরার মঞ্চে যাত্রা শুরু হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডের। ফিরতি লেগে প্রতিশোধ নেয়ার পাশাপাশি নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখলো গতবারের রানার্সআপরা।
মঙ্গলবার রাতে সিগনাল ইদুনা-পার্কে ইতালির দলটিকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথম লেগে নাপোলির কাছে ২-১ গোলে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের দল।
চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে আর্সেনালের কাছে ১-০ গোলে হারের পর ঘরোয়া লিগে পরপর দুটি ম্যাচে হেরে চাপে ছিল গত মৌসুমে বুন্দেসলিগাতেও রানার্সআপ হওয়া ডর্টমুন্ড। তবে মঙ্গলবার দারুণ আক্রমণাত্মক ফুটবলে জয় নিশ্চিত করে জার্মানির দলটি।
রয়েসের সফল পেনাল্টিতে এগিয়ে যায় ডর্টমুন্ড।
দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক। আর দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে রয়েসের পাসে ব্যবধান বাড়ান লেভানদোভস্কির স্বদেশী ইয়াকুর ব্লসচকোফস্কি।
১১ মিনিট বাদে হিগুয়াইনের পাস থেকো ফরোয়ার্ড লরেন্সো ইনসিনিয়ে একটি গোল পরিশোধ করলে লড়াইয়ে ফেরে নাপোলি।
তৃতীয় গোলটি করে ডর্টমুন্ডের জয় নিশ্চিত করেন আউবামেয়াং।
‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে ফ্রান্সের অলিম্পিক মার্সেইকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠা অনেকটাই নিশ্চিত করেছে আর্সেনাল। পাঁচ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি। ডর্টমুন্ড ও নাপোলির পয়েন্ট সমান ৯।
সেরা ১৬ দলের পরের রাউন্ডে উঠতে তুলনামুলক কঠিন পরীক্ষা দিতে হবে নাপোলিকে। শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে তাদের লড়তে হবে আর্সেনালের বিপক্ষে। যেখানে ন্যূনতম এক পয়েন্ট পেলেই চলবে ইংল্যান্ডের দলটির।
আর ডর্টমুন্ড খেলবে দুর্বল অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে।
