২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেল্টিককে হারিয়ে স্বপ্ন টিকিয়ে রাখলো মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিককে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন টিকিয়ে রেখেছে এসি মিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 08:33 AM

Updated : 13 Oct 2022, 03:05 PM

পুরনো খবর:

আয়াক্সের কাছে মৌসুমে প্রথম হার বার্সার

আয়াক্সের বিপক্ষে এইচ গ্রুপে নিজেদের মাঠে শেষ ম্যাচে হার এড়াতে পারলেই নক-আউট পর্ব নিশ্চিত হয়ে যাবে ইতালির দলটির।

মঙ্গলবার রাতে সেল্টিক পার্কে এগিয়ে যেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের। ১৩ মিনিটের মাথায় ভালতার বিরসার কর্নার থেকে অরক্ষিত কাকার নিখুঁত হেড এগিয়ে নেয় মিলানকে। গোলের সুযোগ পেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে সমতা আনতে পারেনি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে অ্যান্তনিয়ো নোসেরিনোর কৃতিত্বে ব্যবধান বাড়ায় মিলান। বিরসার আরেকটি কর্নার থেকে নোসেরিনো বল পাঠিয়েছিলেন পুরোপুরি অরক্ষিত ক্রিস্তিয়ান সাপাতাকে। ফাঁকা জালে বল জড়াতে কোনো সমস্যাই হয়নি তার।

৫৭ মিনিটে মারিও বালোতেল্লির লক্ষ্যভেদ অতিথিদের সহজ জয় নিশ্চিত করে। রিক্কার্দো মন্তোলিভোর দূরপাল্লার পাস ধরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ব্যবধান ৩-০ করে ফেলেন মেজাজি এই স্ট্রাইকার।

টানা সাত ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের মুখ দেখলো সেরি আতে ১৩তম অবস্থানে থাকা এসি মিলান।

আয়াক্সের কাছে অপর ম্যাচে মৌসুমে প্রথম হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। আগামী ১১ ডিসেম্বর সেল্টিকের বিপক্ষে শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে তাদের।

নক-আউট পর্বে যেতে আয়াক্সের বিপক্ষে ঘরের মাঠ সান সিরোতে শেষ ম্যাচে হার এড়ালেই চলবে ৮ পয়েন্ট পাওয়া এসি মিলানের। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনেই থাকা আয়াক্সের জয় ছাড়া কোনো বিকল্প নেই।

আর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়লো ৩ পয়েন্ট পাওয়া সেল্টিক।