আয়াক্সের কাছে মৌসুমে প্রথম হার বার্সার
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় দশ জন নিয়ে খেলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের দারুণ জয় পেয়েছে আয়াক্স আমস্টারডাম।
চলতি মৌসুমে প্রথম দল হিসেবে জেরার্দো মার্তিনোর দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখল ডাচ দলটি।
গ্রুপের অন্য খেলায় স্কটল্যান্ডের সেল্টিককে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলর পথে এক ধাপ এগিয়েছে এসি মিলান।
আগেই 'এইচ' গ্রুপ থেকে ষোল দলের নক-আউট রাউন্ড নিশ্চিত করে ফেলেছিল লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। মঙ্গলবার রাতে আমস্টারডাম অ্যারেনায় স্বাগতিকদের বিপক্ষে হার এড়াতে পারলে নিজেদের পুরনো একটা রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল জেরার্দো মার্তিনোর শিষ্যদের। ২০১০/১১ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে ২১ ম্যাচ অপরাজিত ছিল বার্সা। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় সেই রেকর্ড ছুতে পারলো না তারা।
থুলানি সেরেরো ও ড্যানি হোয়েসেনের লক্ষ্যভেদে আয়াক্সের প্রথমার্ধটা ছিল স্বপ্নের মতো। প্রথমার্ধে আয়াক্সের তরুণ খেলোয়াড়দের দ্রুতগতির ফুটবলে বারবার বিপদে পড়ে বার্সার রক্ষণভাগ। অন্যদিকে আয়াক্সের গোলরক্ষককে তেমন কোনো বেগই দিতে পারেনি নেইমার-পেদ্রো-ফ্যাব্রেগাসরা।
সেরেরোকে ঘিরে আয়াক্স ফুটবলারদের উদযাপন।
নিজেদের সীমানায় বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পেরে বেশ কয়েকবার বল খুইয়েছে বার্সেলোনা। বিরতির কিছু আগে হাভিয়ের মাসচেরানোর এমন একটি ভুলে বল পেয়ে জোরালো শট নেন ভিক্টর ফিশার। বার্সার গোলরক্ষক হোসে মানুয়েল পিন্তো তা ফিরিয়ে দিলেও বল পেয়ে বর্ষীয়ান ডিফেন্ডার কার্লোস পুয়োলকে এড়িয়ে লক্ষ্যভেদ করেন হোয়েসেন। বলটি জালে ঢোকার আগে অবশ্য পা ছুয়ে যায় আরেক ডিফেন্ডার জেরার্ড পিকের।
নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখলেন ভেল্টমান।
পরিকল্পনা মতো খেলতে পেরে ম্যাচ শেষে সন্তুষ্টির কথা জানান আয়াক্স কোচ ফ্যাঙ্ক ডি বোর।
"আমি বলেছিলাম, বার্সেলোনাকে হারানো প্রথম দল হবে আয়াক্স। আমরা যা চেয়েছি, সেই আক্রমণাত্মক ফুটবলই খেলেছি।"
ম্যাচ শেষে বার্সায় নিজের প্রথম পরাজয় মেনে নিয়েছেন মার্তিনো, "প্রথমার্ধে আমাদের খেলার ধরন ভালো ছিল না। ব্যাক্তিগত পর্যায়ে আমরা আয়াক্সের মতো ভালো খেলেতে পারিনি।"
গত চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে শেষবার হেরেছিল বার্সেলোনা।
আয়াক্সের কাছে হারের পরও ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো বার্সা। আগামী ১১ ডিসেম্বর সেল্টিকের বিপক্ষে শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে তাদের।
গ্রুপের অন্য ম্যাচে সেল্টিককে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে স্বপ্ন টিকিয়ে রেখেছে এসি মিলান। নক-আউট পর্বে যেতে আয়াক্সের বিপক্ষে ঘরের মাঠ সান সিরোতে শেষ ম্যাচে হার এড়ালেই চলবে ইতালির দলটির। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনেই থাকা আয়াক্সের জয় ছাড়া কোনো বিকল্প নেই।
