২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে বিজেএমসি

ফেডারেশন কাপ ফুটবলের ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারানোয় তাদের গ্রুপ-শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 09:21 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

আগের ম্যাচে পুলিশের সঙ্গে ড্র করা বিজেএমসির সংগ্রহ চার পয়েন্ট। পুলিশকে ২-১ গোলে হারিয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা ব্রাদার্স ৩ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে গ্রুপে।

আগামী রোববার কোয়ার্টার ফাইনালে বিজেএমসির প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্স-আপ শেখ রাসেল ক্রীড়া চক্র। তার আগের দিন শেষ আটের লড়াইয়ে ব্রাদার্স খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রর বিপক্ষে।

বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ‘ডি’ গ্রুপ রানার্স-আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

আর শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও ‘এ’ গ্রুপ রানার্স-আপ ফেনী সকার ক্লাব।

ব্রাদার্সের বিপক্ষে ষষ্ঠ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার স্যামসন ইলিয়াসুর গোলে এগিয়ে যায় বিজেএমসি। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজ।

৩৪ মিনিটে পেনাল্টি থেকে নাইজেরীয় মিডফিল্ডার ভিক্ট্রি অ্যান্থনি একটি গোল ফিরিয়ে দিলেও ব্রাদার্স সমতা ফেরাতে পারেনি।