শেখ রাসেলকে হারিয়ে গ্রুপ-সেরা মুক্তিযোদ্ধা
ফেডারেশন কাপ ফুটবলের ‘বি’ গ্রুপের শ্রেষ্ঠত্ব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রর। গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারানোয় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে তারা।
নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে আগেই কোয়ার্টার ফাইনালে উত্তরণ নিশ্চিত করেছে শেখ রাসেল। দুই ম্যাচেই জয় পাওয়া মুক্তিযোদ্ধা ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
ফেডারেশন কাপসহ গত মৌসুমে তিনটি শিরোপা জিতেছিল শেখ রাসেল। তবে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা তেমন সুবিধা করে উঠতে পারেনি।
পুরো ম্যাচে একটাই বলার মতো সুযোগ পেয়েছে শেখ রাসেল। বিরতির ঠিক আগে ফরাসী মিডফিল্ডার ম্যাক্সিম এরিক রজার্সের পাস ধরে, জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডো রেমেইন বক্সের মধ্যে ঢুকে শট নিলেও তার শট চলে যায় পোস্ট ঘেঁষে।
৫৯ মিনিটে একটুর জন্য গোলের দেখা পায়নি মুক্তিযোদ্ধা। নাইজেরীয় মিডফিল্ডার এলেটা কিংসলের দুর্দান্ত শট ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় তাদের।
এর তিন মিনিট পর অবশ্য সেই কিংসলেই মুক্তিযোদ্ধার হতাশা দূর করেন। মাঝমাঠ থেকে বল পেয়ে, বক্সের ভেতর ঢুকে জোরালো শটে দলের জয়সূচক গোল করেন তিনি।
