ফেনী সকারকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল
আগেই ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ফেনী সকার ক্লাব। দুই দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে জিতেছে শেখ জামাল।
সোমবার শেখ জামাল হাইতির স্ট্রাইকার সনি নর্দের একমাত্র গোলে ফেনী সকারকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। প্রথম ম্যাচে শেখ জামাল ২-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছিল।
এর পর বারিধারাকে ৩-২ গোলে হারিয়েই শেষ আটে খেলা নিশ্চিত করেছিল ফেনী সকার।
ম্যাচের ১৭ মিনিটে ফরোয়ার্ড মোবারক হোসেনের এগিয়ে দেয়া বলে জোরালো শটে লক্ষ্যভেদ করেন সনি নর্দে। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।
চার মিনিট পরে ব্যবধান দ্বিগুন করার দারুণ সুযোগ হাতছাড়া করে শেখ জামাল। মোবারকের ক্রসে নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
৭৭ মিনিটে স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি আরেকটি দারুণ সুযোগ নষ্ট করেন। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিলেই গোল হতো। তিনি তা না করে জোরালো শটে ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন বল।
ফেনী সকার গোল করার মতো তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি।
