জ্যামাইকার মাদক বিরোধী সংস্থায় গণপদত্যাগ
বিশ্ব মাদক বিরোধী সংস্থার (ওয়াডা) অভিযোগকে ‘জোরালো’ করে পদত্যাগ করেছেন জ্যামাইকার মাদক বিরোধী সংস্থার (জেএডিসিও) ১১ কর্মকর্তা।
ডোপিং বিরোধী নীতিমালা কার্যকরে জ্যামাইকান কর্তৃপক্ষের কর্মকাণ্ড অনেকদিন ধরে প্রশ্নের সম্মুখীন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে জেএডিসিও’র ওপরে ক্ষোভ প্রকাশ করে আসছে ওয়াডা। এই চাপের কাছে নতি স্বীকার করেই পদত্যাগ করতে হয়েছে জেএডিসিও’র কর্মকর্তাদের।
এই গণপদত্যাগের কথা নিশ্চিত করেছেন জ্যামাইকার ক্রীড়ামন্ত্রী নাটালি নিটা-হেডলি। তিনি জানিয়েছেন, সংস্থাটির ১১জন কমিশনারের পদত্যাগপত্র জ্যামাইকান সরকার গ্রহণ করেছে।
মাদক বিরোধী আইন কার্যকরে জ্যামাইকান কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে ওয়াডার অভিযোগ অযৌক্তিক নয়।
গত অগাস্টে মাদক নেয়ার অভিযোগে জ্যামাইকার বিশ্ব চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েন বিশ্বের সাবেক দ্রুততম মানব আসাফা পাওয়েল, ২০০ মিটারে দুবার অলিম্পিক চ্যাম্পিয়ন ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন ও লন্ডন অলিম্পিকে ৪০০ মিটার রিলেতে রুপা জয়ী শেরন সিম্পসন। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি জেএডিসিও।
