মাদক নিয়ে জ্যামাইকার ওপরে ওয়াডার ক্ষোভ
মাদক বিরোধী আইন কার্যকর করতে ব্যর্থ হওয়ায় জ্যামাইকার মাদক বিরোধী কর্তৃপক্ষের (জেএডিসিও) ওপরে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ব মাদক বিরোধী সংস্থা (ওয়াডা)।
ওয়াডা জানিয়েছে, জেএডিসিও’র কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে গত সপ্তাহে জ্যামাইকার প্রধানমন্ত্রী পোর্শিয়া সিম্পসন-মিলার তাদের আমন্ত্রন জানিয়েছিল। কিন্তু জেএডিসিও বেশ কিছু শর্ত জুড়ে দেয়ায় ওয়াডা ভীষণ ক্ষুব্ধ।
এ প্রসঙ্গে বৃটেনের বিখ্যাত ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকাকে ওয়াডা প্রধান জন ফাহি বলেন, “আগামী বছরের আগে তারা (জেএডিসিও) নিজেদের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে রাজি নয়। এটা ভীষণ অসন্তোষজনক ও অগ্রহণযোগ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।”
মাদক বিরোধী আইন কার্যকরে জ্যামাইকান কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে ওয়াডার অভিযোগ অযৌক্তিক নয়।
মাদক নেয়ার অভিযোগে গত অগাস্টে জ্যামাইকার বিশ্ব চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েন বিশ্বের সাবেক দ্রুততম মানব আসাফা পাওয়েল, ২০০ মিটারে দুবার অলিম্পিক চ্যাম্পিয়ন ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন ও লন্ডন অলিম্পিকে ৪০০ মিটার রিলেতে রুপা জয়ী শেরন সিম্পসন।
জেএডিসিও’র সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রিনে অ্যান শার্লির দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে ওয়াডা। কিন্তু তাদের সব অভিযোগ অস্বীকার করেছে জ্যামাইকান কর্তৃপক্ষ। বিতর্ক নিরসনে শার্লিকে কোনো প্রশ্ন করতেও রাজি নয় তারা।
তবে জেএডিসিও’র একগুয়েমি ও মাদক প্রতিরোধে ব্যর্থতা বড় সমস্যায় ফেলতে পারে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের দেশকে। এমনকি অলিম্পিক গেমস থেকেও ছিটকে পড়তে পারে তারা। কারণ ওয়াডার নীতিমালা মেনেই প্রত্যেক দেশকে অলিম্পিকে অংশ নিতে হয়।
