আলজেরিয়ার বিরুদ্ধে অভিযোগ বারকিনা ফাসোর
বাছাইপর্ব পেরিয়ে ব্রাজিল বিশ্বকাপের টিকেট নিশ্চিত করলেও আলজেরিয়ার সামনে এসেছে অপ্রত্যাশিত এক বাধা। তাদের বিরুদ্ধে প্লে-অফের ফিরতি লেগের ম্যাচে এক ফুটবলারকে অবৈধভাবে খেলানোর অভিযোগ এনেছে বারকিনা ফাসো।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার দেয়া অভিযোগে বারকিনা ফাসোর ফুটবল সংস্থা জানান, গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে ডিফেন্ডার মাদজিদ বোঘেরাকে অবৈধভাবে খেলিয়েছে আলজেরিয়া। প্লে-অফের প্রথম লেগ ও তার আগের ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ার কারণে ফিরতি লেগে ঐ ডিফেন্ডারের নিষেধাজ্ঞায় থাকার কথা ছিল। উল্টো ফিরতি লেগে এই বোঘেরার একমাত্র গোলে জিতেছিল আলজেরিয়া।
প্রথম লেগে নিজেদের মাঠে বারকিনা জিতেছিল ৩-২ গোলে। ফলে দুই লেগ মিলে স্কোর ৩-৩ হলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে ব্রাজিল যাত্রা নিশ্চিত হয় আলজেরিয়ার।
তবে আলজেরিয়ার বিরুদ্ধে আনা বারকিনার অভিযোগ যদি সত্য হয় তাহলে বড় শাস্তি পেতে পারে বিশ্বকাপ নিশ্চিত হওয়া দেশটি। এমনকি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলার স্বপ্নটাও মিথ্যে হয়ে যেতে আলজেরিয়ার।
আফ্রিকান অঞ্চলের ফুটবলে এমন ঘটনা অবশ্য নতুন নয়। কিছুদিন আগে বাছাইপর্বের গ্রুপ পর্বে তিউনিশিয়াকে পেছনে ফেলে প্লে-অফে জায়গা করে নেয় কেপ ভার্দে।
কিন্তু তিউনিশিয়া অভিযোগ করে, তাদের বিপক্ষে শেষ ম্যাচে একজন খেলোয়াড়কে অবৈধভাবে খেলিয়েছিল কেপ ভার্দে। পরবর্তীতে তাদের অভিযোগ সত্য প্রমাণিত হলে কেপ ভার্দের বদলে প্লে-অফে ওঠে তিউনিশিয়া।
