২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের পথে ঘানা ও আলজেরিয়া

আফ্রিকার শেষ দুটি দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে ঘানা ও আলজেরিয়া।  এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেল ঘানা। আর আলজেরিয়া খেলবে তাদের চতুর্থ বিশ্বকাপ।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 01:35 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

বিশ্বকাপে অদম্য সিংহরা
বিশ্বকাপে দ্রগবার দল
আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপে নাইজেরিয়া

মঙ্গলবার আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের চুড়ান্ত পর্বের ফিরতি লেগে মিশরের মাঠে ২-১ গোলে হেরে গেলেও দুই লেগ মিলে ব্রাজিল যাত্রা নিশ্চিত হয়েছে ঘানার। দুই লেগ মিলে ব্যবধান ৭-৩।

গত শুক্রবার প্রথম লেগে নিজেদের মাঠে ৬-১ গোলে জিতেছিল গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা ঘানা। 

আর বুরকিনা ফাসোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের চুড়ান্ত পর্বে উঠেছে আলজেরিয়া। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে হেরে বিশ্বকাপের ওঠার স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আলজেরিয়ার।

তবে প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করায় একদিক দিয়ে এগিয়েও ছিল দলটি। দুই লেগ মিলে ৩-৩ গোলের সমতা হলেও ‘অ্যাওয়ে গোলের’ সুবাদে ব্রাজিল যাত্রা নিশ্চিত করলো আলজেরিয়া।   

মহাদেশটি থেকে এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের টিকেট পায় নাইজেরিয়া, আইভরি কোস্ট ও ক্যামেরুন।

২০১৪ সালের বিশ্বকাপে খেলতে হলে কমপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের প্রায় অসম্ভব লক্ষ্যে রাজধানী কায়ারোর এয়ার ডিফেন্স স্টেডিয়ামে খেলতে নেমেছিল স্বাগতিক মিশর।

২৫ মিনিটে স্ট্রাইকার আমর হাসানের গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু স্বপ্নপূরণের জন্য তাদের প্রচেষ্টা যথেষ্ট ছিল না। ফ্রি-কিক থেকে গোলটি করেন হাসান।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় মিশরের অসাধ্য সাধনের স্বপ্ন মোটামুটি তখনই শেষ হয়ে যায়। ৮৪ মিনিটে মিশরের পক্ষে দ্বিতীয় গোলটি করেন আরেক স্ট্রাইকার মোহামেদ গেদো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে রক্ষণে মনোনিবেশ করা ঘানা শেষবেলায় একটি গোল পরিশোধ করে মিডফিল্ডার কেভিন প্রিন্স বোয়াটেংয়ের সুবাদে।

ফলে ১৯৯০ সালের বিশ্বকাপের পর মিশরের বিশ্বকাপে না খেলার হতাশা আরো দীর্ঘায়িত হলো। দেশটি আরেকবার বিশ্বকাপে খেলেছে, সেই ১৯৩৪ সালে।

ঘরের মাঠ স্তাদে মুস্তফা স্টেডিয়ামে আলজেরিয়ার জয়ের নায়ক মাদজিদ বোঘেরা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে একমাত্র গোলটি করেন তিনি, যা দুই লেগ মিলিয়ে এনে দেয় ৩-৩ গোলের সমতা। আর তাতেই অ্যাওয়ে গোলের কল্যাণে বুরকিনা ফাসোকে পেছনে ফেলে বিশ্বকাপের পথ খুলে দেশটির।