২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে দ্রগবার দল

টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেল আইভরি কোস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 11:02 AM

Updated : 25 Apr 2022, 07:32 PM

শনিবার রাতে মরক্কোর কাসাব্লাঙ্কায় আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফের দ্বিতীয় লেগে দিদিয়ের দ্রগবার দেশ ১-১ গোল ড্র করেছে সেনেগালের সঙ্গে। প্রথম লেগে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছিল আইভরি কোস্ট। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের ব্যবধানে তাই  ব্রাজিল যাত্রা নিশ্চিত হয়েছে তাদের।

সেনেগালের রাজধানী ডাকারে আইভরি কোস্টের বিপক্ষেই গত বছর নেশনস কাপের বাছাইপর্বের ম্যাচ নিয়ে দাঙ্গার জন্য মরক্কোতে ম্যাচটি আয়োজন করা হয়েছিল।

ম্যাচে তেমন ভালো না খেললেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আইভরি কোস্টের তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা। ম্যাচের ১৩ মিনিটে বাইসাইকেল কিকে সেনেগালের একটি আক্রমণ থেকে গোল প্রতিহত করেন তিনি। আবার সাদিও মানেকে ধাক্কা দিয়ে সেনেগালকে পেনাল্টি উপহার দেন গ্যালাতাসারাইয়ে যোগ দেয়া এই ফরোয়ার্ড।

ম্যাচের ৭৭ মিনিটে এই পেনাল্টি থেকে মুসার গোলে এগিয়ে গিয়ে বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রেখেছিল সেনেগাল। ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোলের সুযোগ হারায় সেনেগাল। এই গোলটি পেলে আইভরি কোস্টের বদলে বিশ্বকাপে উঠে যেতো ২০০২ সালে কোয়ার্টার ফাইনালে খেলা দেশটি।

কিন্তু ইনজুরি সময়ে এক পাল্টা আক্রমণে ইয়া ইয়া তুরের পাস থেকে অভিজ্ঞ সালোমন কালু গোল করে আইভরি কোস্টের বিশ্বকাপ নিশ্চিত করেন।

২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপেই পড়েছিল আইভরি কোস্ট। এবার তারা অপেক্ষাকৃত সহজ গ্রুপ আশা করতেই পারে। বিশ্বকাপের গ্রুপগুলো সাজানোর ড্র হবে আগামী ৬ ডিসেম্বর।

এর আগে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে উঠে গেছে নাইজেরিয়া। শনিবার বাছাই পর্বের প্লেঅফের ফিরতি লড়াইয়ে ইথিওপিয়াকে সহজেই ২-০ গোলে হারায় আফ্রিকান চ্যাম্পিয়নরা। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ব্রাজিলের টিকেট পেয়েছে তারা।