২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার সুইডেনকে হারালো রোনালদোর পর্তুগাল

লড়াইটা যতটা ছিল পর্তুগাল ও সুইডেনের, ঠিক ততটাই ছিল ইউরোপের অন্যতম সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্লাতান ইব্রাহিমোভিচের মধ্যে। বিশ্ব মঞ্চে টিকে থাকার সে লড়াইয়ে সাফল্য পেয়েছেন রোনালদো, তার একমাত্র গোলে জয়ের দেখা পেয়েছে পর্তুগাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 02:44 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

ফ্রান্সকে ইউক্রেনের চরম ধাক্কা

শুক্রবার রাতে বিশ্বকাপে ফুটবলের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে সুইডেনকে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের পথে এক পা এগিয়ে গেল পর্তুগিজরা। ফিরতি ম্যাচ হবে মঙ্গলবার, সুইডেনের মাঠে।

পর্তুগালের রাজধানী লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে প্রথমার্ধে শুরু থেকে স্বাগতিকরা বলের দখল রাখলেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। রোনালদোকেও ঠিক স্বরূপে খুজে পাওয়া যাচ্ছিল না। উল্টো বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে মরিয়া হয়ে ওঠেন রিয়াল মাদ্রিদের রোনালদো। প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ন্যানিও যেন নিজেকে ফিরে পান। এরপর ক্রমেই অতিথিদের কোণঠাসা করে ফেলে স্বাগতিক শিবির। একের পর এক আক্রমণ করতে থাকা তারা।

Image
গোলের পর উচ্ছ্বাস রোনালদোর।

গোলের পর উচ্ছ্বাস রোনালদোর।

Image
পর্তুগালের ফুটবলারদের উদযাপন।

পর্তুগালের ফুটবলারদের উদযাপন।

তারপরও গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৮২ মিনিট পর্যন্ত। অবশেষে মিডফিল্ডার মিগুয়েল ভেলোসোর ক্রসে ঝাপিয়ে পড়ে হেড করে দলকে অসাধারণ এক জয় উপহার দেন ২০০৮ সালের ফিফা বর্ষসেরা রোনালদো। প্রমাণ করেন বিশ্বসেরা হওয়ার দৌড়ে এবারও তিনি আছেন।

ম্যাচের শেষের দিকে রোনালদোর আরেকটি জোরালো হেড ক্রসবারে না লাগলে বিশ্বকাপের টিকেটটা প্রায় নিশ্চিতই করে ফেলতে পারতো পর্তুগাল।

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফের ড্র করার সঙ্গে সঙ্গেই জানা হয়ে গেছে রোনালদো ও ইব্রাহিমোভিচের কোনো একজনকে ছাড়াই লেখা হবে আগামী বিশ্বকাপের গল্প।

Image
রোনালদোর মতো জ্বলে উঠতে পারেননি ইব্রাহিমোভিচ।

রোনালদোর মতো জ্বলে উঠতে পারেননি ইব্রাহিমোভিচ।

Image
তার দল সুইডেন হেরে গেছে গুরুত্বপূর্ণ ম্যাচে।

তার দল সুইডেন হেরে গেছে গুরুত্বপূর্ণ ম্যাচে।

কয়েক সপ্তাহ ধরে দারুণ ফর্মে আছেন দু'জনই। লা লিগার ১৩ ম্যাচে রোনালদো গোল করেছেন সর্বোচ্চ ১৬টি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের চার ম্যাচে আটটি গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনিই। ফরাসি দল পিএসজিতেও দারুণ ফর্মে আছেন ইব্রাহিমোভিচ। কিন্তু বিশ্ব মঞ্চে নিজেদের প্রমাণিত করার সুযোগ পাওয়ার লড়াইয়ে আপাতত পর্তুগিজ ফরোয়ার্ডের কাছে হেরে গেলেন সুইডেনের এই স্ট্রাইকার।

শুক্রবার রাতে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফের প্রথম লেগের আরেক ম্যাচে ইউক্রেনের মাঠে ২-০ গোলে হেরে গেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যম্পিয়নরা।

প্লে-অফের অন্য দুই খেলায় গ্রিস ৩-১ গোলে রোমানিয়াকে হারিয়েছে। আর আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।