২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বাড়লো দলবদলের সময়সীমা

তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদলের সময়সীমা বাড়ানো হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

কয়েকটি ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে বুধবার পেশাদার লিগ কমিটি এক জরুরি সভায় বসে ১৫ নভেম্বর পর্যন্ত দলবদলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রথমে ২৬ অগাস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত দলবদলের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে দুর্গা পুজা এবং ঈদুল আযহার জন্য ২৩ অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়। এরপর কয়েকটি ক্লাবের অনুরোধে ৩১ অক্টোবর পর্যন্ত আরেকবার দলবদলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

কিন্তু দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে মঙ্গলবার ৭টি ক্লাব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে চিঠি দিয়ে দলবদলের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানায়।

সেই অনুরোধে সাড়া দিয়ে ‍বুধবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং ক্লাবগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে সিদ্ধান্তটা নেয়া হয়।

এই সভায় ফেডারেশন কাপ পিছিয়ে দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলবদল শেষ হওয়ার পরই মৌসুম-সূচক টুর্নামেন্টটি শুরু হবে। দিন-তারিখ অবশ্য ঠিক হয়নি। এর আগে ৪ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

১৬ নভেম্বর পেশাদার লিগ কমিটি সভায় বসে ফেডারেশন কাপের নতুন দিন-তারিখ ঠিক করবে। ১৭ নভেম্বর হবে প্রতিযোগিতার ড্র।

সভা শেষে পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, “ক্লাবগুলোর মতামতের ভিত্তিতে আমরা এসব সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে আমরা অটল থাকবো। যে করে হোক, নভেম্বরের মধ্যে ফেডারেশন কাপ শুরু করতেই হবে।”

“আমরা প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে তাদের রাজনৈতিক কর্মসূচি ফুটবলের আওতামুক্ত রাখার অনুরোধ জানাচ্ছি। যে কোনো পরিস্থিতিতে ফুটবল মাঠে রাখার ব্যাপারে আমরা আশাবাদী।”

বুধবারের সভায় আরো দুটো সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী মৌসুম থেকে কোনো ক্লাব ফুটবলারদের অগ্রিম পারিশ্রমিক দশ ভাগের বেশি দিতে পারবে না। ক্লাবগুলোকে বাকি টাকা মাসিক বেতন আকারে দিতে হবে।

এছাড়া বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা কোনো ক্লাবের হয়ে মাঠে ঢুকতেও পারবেন না।

পুরনো খবর:

দলবদলের সময়সীমা বাড়ানোর দাবি