২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ফুটবলারকে নিয়ে জটিলতার অবসান চায় ২ ক্লাব

দুই ক্লাব থেকে টাকা নেয়া পাঁচ খেলোয়াড়কে নিয়ে জটিলতার দ্রুত অবসান চাইছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

দলবদল শেষ হওয়ার আগেই এই জটিলতার অবসান করার দবি করেছে তারা। তা না হলে দলবদলে অংশ নেয়া কঠিন হয়ে যাবে বলেও জানিয়েছে তারা।

গত ২৬ অগাস্ট শুরু হওয়া এই দলবদল শেষ হবে আগামী ৩১ অক্টোবর।

মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভুইয়া দাবি করেন, জাহিদ হোসেন, মামুন মিয়া, নাহিদুল ইসলাম ও শাকিল আহমেদ তাদের কাছ থেকে টাকা নিয়ে পরে শেখ রাসেল ক্রীড়া চক্রে যোগ দেন। আর শরিফুল ইসলাম মোহামেডানের কাছ থেকে টাকা নেয়ার পর আবাহনী লিমিটেডে যোগ দিয়েছেন।

লোকমান বলেন, “এই পাঁচ খেলোয়াড়কে নিয়েই আমরা আমাদের দলটা সাজিয়েছি। তাদের নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, দলবদল শেষ হওয়ার আগেই যদি এর কোন সমাধান না হয়ে তা হলে আমরা কিভাবে দলবদলে অংশ নেবো।”

শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীও দলবদল শেষ হওয়ার আগেই এর সমাধান চান।

“এই জটিলতার অবসান না হওয়া পর্যন্ত আমরা দলবদলে অংশ নিতে পারছি না। আমরা দ্রুত এর সমাধান চাই।”

বাফুফের পেশাদার লিগ কমিটি এই বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে। কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, “আমরা মোহামেডানের কাছ থেকে কিছু নথি পেয়েছি। কিন্তু তারা যে শেখ রাসেলে যোগ দিয়েছে সেই প্রমাণ আমাদের হাতে নেই।” “শেখ রাসেল খেলোয়াড়দের নিবন্ধন করানোর আগ পর্যন্ত কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। তাই তারা খেলোয়াড়দের নিবন্ধন করালেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো,” যোগ করেন রহিম। পাঁচ খেলোয়াড়ই অবশ্য স্বীকার করেছেন, তারা দুই ক্লাব থেকে টাকা নিয়েছেন। এখন তারা মোহামেডানের টাকা ফেরত দিতে চান। বাফুফের বাইলজ অনুযায়ী দুই ক্লাব থেকে টাকা নেয়া শস্তিযোগ্য অপরাধ। যদি এক ক্লাবের টাকা ফেরতও দেন, তাহলেও শাস্তি এক বছরের বহিষ্কার। আর ফেরত না দিলে দুই বছরের জন্য বহিষ্কার করা হবে। অবশ্য এই আইনটি বাইলজে অর্ন্তভুক্ত হয়েছে গত ২৫ অগাস্ট, দলবদল শুরু হওয়ার আগের দিন। আর খেলোয়াড়রা টাকা নিয়েছে গত এপ্রিলে। মানে আইন করার আগে অপরাধ করেছেন খেলোয়াড়রা। তাই নতুন এই আইনে খেলোয়াড়দের শাস্তি দেয়া হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

পুরনো খবর:

জাহিদ-মামুনদের ‘দোষ’ স্বীকার