২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ম্যাচ পর জয়ে ফিরলো ইন্টার

ইতালির শীর্ষ ফুটবল লিগ সেরি-আতে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ইন্টার মিলান। শনিবার হেলাস ভেরোনাকে ৪-২ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

নিজেদের মাঠ সান সিরোতে নবম মিনিটেই প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক ইন্টার। তিন মিনিট বাদে ব্যবধান বাড়ান আর্জেন্টিনার স্ট্রাইকার রদ্রিগো পালাসিও।

৩২ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্তিনিয়োর গোলে ব্যবধান কমায় অতিথিরা। তবে ছয় মিনিট পর ব্যবধান ৩-১ করেন পালাসিওর স্বদেশী এস্তেবান মাতিয়াস ক্যাম্বিয়াসো।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন ইন্টারের পর্তুগিজ ডিফেন্ডার রোনালদো দা ফনসেকা।

ম্যাচের ৭১ মিনিটে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রোমুলোর লক্ষভেদে শুধু ব্যবধানই কমে, কিন্তু ইন্টারের জয়ের পথে তা কোনো বাধা হতে পারেনি।

ইতালিয়ান সেরি-আয় দুটি ড্র ও একটি হারের পর এই জয়ে নয় ম্যাচ থেকে ইন্টার মিলানের অর্জন ১৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে এএস রোমা।

দিনের অপর ম্যাচে সাম্পদোরিয়া ১-০ গোলে হারিয়েছে আতালান্তাকে।