২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াডার দাবি মানলো জ্যামাইকার ডোপিং বিরোধী কর্তৃপক্ষ

বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার (ওয়াডা) ক্ষোভের মুখে নড়ে চড়ে বসেছে জ্যামাইকার কর্তৃপক্ষ। সব শর্ত বাদ দিয়ে অবশেষে ওয়াডাকে আমন্ত্রণ জানিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

আগামী সপ্তাহে ক্রীড়াঙ্গনে ডোপিং বিরোধী কার্যক্রম পরীক্ষা নিরীক্ষা করে দেখতে জ্যামাইকা যাবে ওয়াডার কর্মকর্তারা।

জ্যামাইকার ডোপিং বিরোধী সংস্থার (জেএডিসিও) প্রধান হার্ব এলিয়ট রয়টার্সকে জানান, ২৮ অক্টোবর দুই দিনের সফরে ওয়াডার তিনজন কর্মকর্তা জ্যামাইকায় পৌঁছবেন বলে আশা করছেন তারা। তবে জেএডিসিওর কার্যক্রম পরীক্ষা করতে কারা আসছেন তাদের নাম জানাননি এলিয়ট।

ডোপিং বিরোধী নীতিমালা কার্যকরে জ্যামাইকান কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে বেশ কিছু দিন ধরেই অভিযোগ করে আসছে ওয়াডা। তাদের অভিযোগ একেবারে অযৌক্তিকও নয়।

মাদক নেয়ার অভিযোগে গত অগাস্টে জ্যামাইকার বিশ্ব চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েন বিশ্বের সাবেক দ্রুততম মানব আসাফা পাওয়েল, ২০০ মিটারে দু'বার অলিম্পিক চ্যাম্পিয়ন ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন এবং লন্ডন অলিম্পিকে ৪০০ মিটার রিলেতে রৌপ্য পদকজয়ী শ্যারন সিম্পসন। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি জেএডিসিও। 

তাছাড়া স্থানীয় সংস্থাটির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রিনে অ্যান শার্লির দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে ওয়াডা। অবশ্য শার্লির বিরুদ্ধে ওয়াডার সব অভিযোগ অস্বীকার করেছে জ্যামাইকার কর্তৃপক্ষ। বিতর্ক নিরসনে শার্লিকে কোনো প্রশ্ন করতেও রাজি নয় তারা।

ডোপ টেস্টে পাওয়েল-সিম্পসনদের ধরা পড়া ও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করবে ওয়াডার ঐ তিন কর্মকর্তা।

জেএডিসিওর কার্যক্রমে ওয়াডা যদি বড় ধরণের কোন ভুল খুঁজে পায় এবং আগের মতো জ্যামাইকানরা যদি তা ঠিক করতে একগুয়েমি করে বা মাদক প্রতিরোধে ব্যর্থ হয় তাহলে বড় ধরণের সমস্যায় পড়তে পারে জ্যামাইকা। এমনকি অলিম্পিক গেমস থেকেও ছিটকে পড়তে পারে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের দেশ। কারণ ওয়াডার নীতিমালা মেনেই প্রত্যেক দেশকে অলিম্পিকে অংশ নিতে হয়।

পুরনো খবর:

মাদক নিয়ে জ্যামাইকার ওপরে ওয়াডার ক্ষোভ