বিতর্কিত গোলের পর চেলসির বড় জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও কার্ডিফ সিটিকে ৪-১ গোলে হারিয়েছে চেলসি।
সমতা ফেরানো চেলসির প্রথম গোলটিই ছিল বিতর্কিত। তবে দ্বিতীয়ার্ধে আরো তিন গোলে সহজ জয় পায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
শনিবার ম্যাচের ৩৩ মিনিটে এক গোলে পিছিয়ে থাকা চেলসির স্যামুয়েল এতো গোলরক্ষকের কাছ থেকে ‘বিতর্কিতভাবে’ বল কেড়ে নেন যা থেকে গোল করেন বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, কিক নেয়ার আগে গোলরক্ষক ডেভিড মার্শাল যখন মাঠে বলটি ড্রপ করেন তখনই বলটি কেড়ে নেন এতো। ফিফার নিয়ম অনুযায়ী এটা অবৈধ।
ম্যাচের ১০ মিনিটেই কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের স্তব্ধ করে এগিয়ে যায় কার্ডিফ। নিজে বল না ধরে পেতর চেককে বল ক্লিয়ার করতে দিয়েছিলেন ব্রাজিল ডিভেন্ডার ডেভিড লুইস। এই দুই জনের ভুল বোঝাবুঝিতে বল ধরে জালে জড়িয়ে দেন জর্ডন মাটচ।
দ্বিতীয়ার্ধে চেলসিকে এগিয়ে নেন স্যামুয়েল ইতো।
দ্বিতীয়ার্ধে চেলসির মেজাজি কোচ জোসে মরিনিয়োকে লাল কার্ড দেখিয়ে ডাগআউট থেকে বিদায় করে দেন। কার্ডিফ সময় নষ্ট করছে অভিযোগ করে সমানে চেচাচ্ছিলেন পর্তুগিজ এই কোচ।
৬৬ মিনিটে চেলসিকে এগিয়ে নেন এতো। ইংলিশ প্রিমিয়ার লিগে এটাই ক্যামেরুনের তারকার প্রথম গোল।
জোড়ালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন চেলসি মিডফিল্ডার অস্কার।
চেলসির তৃতীয় গোলের পর ব্রাজিল মিডফিল্ডার অস্কারের উদযাপন।
চার মিনিট পর হ্যাজার্ডের দ্বিতীয় গোলে চেলসির জয় নিশ্চিত হয়ে যায়। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পাস থেকে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন বেলজিয়ামের এই তারকা ফুটবলার।
একই সময় চলা অন্য দুটি ম্যাচে নরউইচ সিটিকে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠেছে আর্সেনাল। আর সাউথহ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।
দিনের অন্য ম্যাচগুলোয় এভারটন ২-১ গোলে হারিয়েছে হাল সিটিকে। সোয়ানসি সিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সান্ডারল্যান্ডকে। স্টোক সিটি ও ওয়েস্ট ব্রমের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
শনিবারের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
৮ ম্যাচে সমান লিভারপুল ও চেলসি দু’দলেরই পয়েন্ট ১৭ হলেও গোল পার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ আট দল:
দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | গোল পার্থক্য | পয়েন্ট |
আর্সেনাল | ৮ | ৬ | ১ | ১ | ৯ | ১৯ |
চেলসি | ৮ | ৫ | ২ | ১ | ৯ | ১৭ |
লিভারপুল | ৮ | ৫ | ২ | ১ | ৬ | ১৭ |
ম্যানচেস্টার সিটি | ৮ | ৫ | ১ | ২ | ১১ | ১৬ |
সাউথহ্যাম্পটন | ৮ | ৪ | ৩ | ১ | ৫ | ১৫ |
এভারটন | ৮ | ৪ | ৩ | ১ | ২ | ১৫ |
টটেনহ্যাম | ৭ | ৪ | ১ | ২ | ১ | ১৩ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ৮ | ৩ | ২ | ৩ | ১ | ১১ |
