২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে শীর্ষে আর্সেনাল, ম্যান ইউর হোঁচট

নরউইচ সিটিকে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠেছে আর্সেনাল। শনিবার অন্য ম্যাচে সাউথহ্যাম্পটনের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 10:42 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

পুরনো খবর:

লিভারপুলের ড্রয়ের হতাশা
বিতর্কিত গোলের পর চেলসির বড় জয়

আগের ম্যাচ ড্র করার পর আবার জয়ের ধারায় ফিরলো আর্সেনাল। আর্সেন ভেঙ্গার দলের ৪-১ গোলের জয়ে বড় অবদান জোড়া গোল করা মেসুত ওজিলের।

আর্সেনালের ছন্দ ও গতিময় খেলা প্রায় এক দশক আগে ক্লাবটির সুবর্ণ সময়ের কথাই মনে করিয়ে দিয়েছে সমর্থকদের। ২০০৫ সাল থেকে কোনো শিরোপা না জেতা ক্লাবটি নতুন করে আশা যোগাচ্ছে এমিরেটস স্টেডিয়ামে।

প্রথমার্ধের ১৮ মিনিটে আর্সেনালের গোলটি আসে ‘ওয়ান টাচ’ খেলা থেকে। জিরুদের টোকা থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার। কিন্তু তার আগে সান্তি কাসোরলার সঙ্গে তাদের বল দেয়া-নেয়া ছিল চোখ জুড়ানো।

এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে অলিভিয়ে জিরুদের চমৎকার ক্রস থেকে হেড করে ব্যবধান দ্বিগুন করেন রিয়াল মাদ্রিদ থেকে এ মৌসুমে আর্সেনালে যোগ দেয়া মেসুত ওজিল। নিজেদের অর্ধের গভীর থেকে অনেকটা পথ দৌড়ে ঠিক যেন ক্রসটির জন্যই তৈরি ছিলেন জার্মান মিডফিল্ডার।

৭০ মিনিটে একটি গোল পরিশোধ করেন নরউইচের জনি হাউসন। তবে আর্সেনালের সমর্থকরা বেশিক্ষণ উদ্বিগ্ন থাকতে হয়নি। ৮৩ মিনিটে উইলশেয়ারের পাস থেকে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন অ্যারন রামজি।

আর ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরো বাড়ান ওজিল।

আট ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে আর্সেনাল।

নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের বেশিরভাগ সময় এগিয়ে থেকে শেষ দিকে দুই পয়েন্ট খোয়ায় ম্যান ইউ।

ম্যাচের ২৬ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন রবিন ফন পার্সি। সকালে ম্যান ইউর সঙ্গে ৫ বছরের চুক্তি করা আদনান ইয়ানুজাইয়ের ডিফেন্স চেরা পাস ধরে ওয়েইন রুনির শট ফেরত এলে তা আসে ফন পার্সির পায়ে। গোলরক্ষককে কাটিয়ে জালে বল ঠেলে দেন ডাচ এই স্ট্রাইকার।

দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুন হতো; কিন্তু রুনির জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।

Image
প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন রবিন ফন পার্সি।

প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন রবিন ফন পার্সি।

Image
হতাশায় মাঠ ছাড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা।

হতাশায় মাঠ ছাড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা।

ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে কর্নার থেকে গোল করে দর্শকদের মতো ম্যান ইউ কোচ ডেভিড ময়েসকেও হতাশায় পোড়ান সাউথহ্যাম্পটন ডিফেন্ডার ডেজান লভরেন।

আট ম্যাচ থেকে ১৫ পয়েন্ট এ মৌসুমে দারুণ খেলা সাউথহ্যাম্পটনের। সমান ম্যাচ থেকে মাত্র ১১ পয়েন্ট পেয়েছে খুবই বাজে ভাবে এ মৌসুম শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড।

একই সময় চলা অন্য ম্যাচে পিছিয়ে পড়েও কার্ডিফ সিটিকে ৪-১ গোলে হারিয়েছে চেলসি।

দিনের অন্য ম্যাচগুলোয় এভারটন ২-১ গোলে হারিয়েছে হাল সিটিকে। সোয়ানসি সিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সান্ডারল্যান্ডকে। স্টোক সিটি ও ওয়েস্ট ব্রমের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

শনিবারের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ আট দল:

দল

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

গোল পার্থক্য

পয়েন্ট

আর্সেনাল

৮

৬

১

১

৯

১৯

চেলসি

৮

৫

২

১

৯

১৭

লিভারপুল

৮

৫

২

১

৬

১৭

ম্যানচেস্টার সিটি

৮

৫

১

২

১১

১৬

সাউথহ্যাম্পটন

৮

৪

৩

১

৫

১৫

এভারটন

৮

৪

৩

১

২

১৫

টটেনহ্যাম

৭

৪

১

২

১

১৩

ম্যানচেস্টার ইউনাইটেড

৮

৩

২

৩

১

১১