লিভারপুলের ড্রয়ের হতাশা
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা দুই ম্যাচ জয়ের পর হোঁচট খেয়েছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
অবশ্য দু-দু বার পিছিয়ে পড়েও প্রতিপক্ষের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরা লিভারপুলের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক।
ঘরের মাঠ সেইন্ট জেমস পার্কে অর্ধেকেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলা নিউক্যাসলকে ২৩ মিনিটের সময় এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার ইয়োহান ক্যাবে।
কিন্তু ৪০ মিনিটে আরেক ফরাসী মাপু ইয়াঙ্গা-এমবিওয়ার ‘ভুল’ থমকে দেয় স্বাগতিক দলকে।
গোল করতে উদ্যত লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেসকে বক্সের মধ্যে ফেলে দিয়ে শুধু পেনাল্টিই দেননি, লাল কার্ডও দেখেছেন এই ডিফেন্ডার।
স্টিভেন জেরার্ডের সফল পেনাল্টি সমতায় ফেরায় লিভারপুলকে। ইপিএলে এটা জেরার্ডের শততম গোল। তার আগে ২৩ জন এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
একজন কম নিয়েও ৫৭ মিনিটে আবার এগিয়ে যায় নিউক্যাসল। গোলটি করেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসাবে নামা ওয়েলসের ডিফেন্ডার পল ডামেট।
৭২ মিনিটে স্ট্রাইকার ড্যানিয়েল স্টুরিজের লক্ষ্যভেদ আবার সমতায় ফেরায় লিভারপুলকে।
ড্র করলেও ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ১৬।
