২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডর, চিলি বিশ্বকাপে, আর্জেন্টিনাকে হারিয়েও অপেক্ষা উরুগুয়ের

বিশ্বকাপ ফুটবলের লাতিন আমেরিকা বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ গোল হারিয়েছে উরুগুয়ে। তবে এর পরেও পঞ্চম স্থান পাওয়ায় প্লে-অফে খেলতে হবে দুইবারের চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 11:23 AM

Updated : 13 Oct 2022, 03:00 PM

পুরনো খবর:

প্লে-অফ ভাগ্য মেনে নিয়েছে উরুগুয়ে

মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার ভোরে) অন্য ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে চিলি। তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে দলদুটো উঠে গেছে বিশ্বকাপে। লাতিন আমেরিকা থেকে আগেই ব্রাজিল যাত্রা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া।

চিলির হয়ে গোল করেন বার্সেলোনা স্ট্রাইকার আলেক্সিস সানচেস ও মিডফিল্ডার গ্যারি মেদেল। ইকুয়েডরের হয়ে একটি গোল পরিশোধ করেন ফেলিপে কাইসেদো।

সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে নিজেদের মাঠে আর্জেন্টিনার সঙ্গে বড় ব্যবধানে জিততে হতো কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়েকে; সেই সঙ্গে বড় ব্যবধানে হারতে হতো চিলির। তবে সমীকরণ মেলেনি।

আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় রিজার্ভ বেঞ্চের কয়েকজনকে সুযোগ দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়া। চোটের কারণে দলে ছিলেন না লিওনেল মেসি, হিগুয়াইন, মাসচেরানো, ফের্নান্দো গাগোসহ মূল একাদশের কয়েকজন ফুটবলার। ছিলেন না আনহেল ডি মারিয়া ও স্যার্হিও আগুয়েরোও।

এরপরেও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা ছিল ম্যাচটিতে। উরুগুয়ের গোলগুলো করেন মিডফিল্ডার ক্রিস্তিয়ান রদ্রিগেস, স্ট্রাইকার লুইস সুয়ারেস ও এদিনসন কাভানি। মেসির বদলে আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করা ম্যাক্সি রদ্রিগেজ করেন জোড়া গোল।

ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে প্লে-অফের বাধা পেরিয়ে যাওয়ার মানসিক প্রস্তুতি আগেই নিয়ে নিয়েছিল উরুগুয়ে। তবে বাছাইপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ফিফা র‌্যাঙ্কিংয়ের কথা মাথায় রেখে জেতার লক্ষ্য স্থির করেছিলেন কোচ অস্কার তাবারেজ।

ম্যাচটি জিতে উরুগুয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকাটা নিশ্চিত করলো। এর ফলে বিশ্বকাপের আটটি গ্রুপ সাজানোর সময় শীর্ষ বাছাই আটটি দলের মধ্যে থেকে প্রাথমিক পর্যায়েই বড় কোনো প্রতিপক্ষকে এড়াতে পারবে তারা।

অবশ্য এর আগে আগামী মাসে দুই রাউন্ডের প্লে-অফে এশিয়া থেকে পঞ্চম হওয়া জর্দানের সঙ্গে জিততে হবে উরুগুয়েকে।

অবশ্য প্লে-অফ খেলে বিশ্বকাপে সুযোগ পাওয়াটাকে মোটেই খাটো করে দেখতে রাজি নন তাবারেস। গত বিশ্বকাপে তো এভাবেই উঠেছিল উরুগুয়ে। মূল পর্বে দুর্দান্ত খেলে সেমি-ফাইনালেও উঠেছিল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুধু গত বিশ্বকাপেই বা কেন, ২০০২ ও ২০০৬ সালেও প্লে-অফ খেলতে হয়েছিল উরুগুয়েকে। ২০০২ সালে জিতলেও, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা।