প্লে-অফ ভাগ্য মেনে নিয়েছে উরুগুয়ে
বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এবারও বুঝি প্লে-অফ ভাগ্য এড়াতে পারছে না উরুগুয়ে। সরাসরি সুযোগ পেতে হলে শেষ ম্যাচে তাদের শুধু জিতলেই হবে না, রীতিমত অসাধ্য সাধন করতে হবে। আর তাই বাস্তবতা স্বীকার করে প্লে-অফে যাওয়াটা মেনে নিচ্ছেন দলটির কোচ অস্কার তাবারেস।
সমান ২৫ করে পয়েন্ট ইকুয়েডর ও চিলির। উরুগুয়ের ২২। তবে গোল ব্যবধানে উরুগুয়ের (-১) চেয়ে এগিয়ে আছে ইকুয়েডর (+৫) ও চিলি (+৩)।
সান্তিয়াগোতে চিলি ও ইকুয়েডরের ম্যাচটি ড্র হলে দুই দলই সরাসরি ব্রাজিলের টিকিট পাবে। এমনকি চিলি বড় ব্যবধানে না হারলেও দুই দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে।
কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়েকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে মঙ্গলবার শেষ ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে এবং বড় ব্যবধানে পরাজয় কামনা করতে হবে চিলির।
এত ‘কিন্তু’র মাঝে তাই আর স্বপ্ন দেখতে রাজি নন তাবারেস। মানসিকভাবে প্রস্তুতিও নিয়ে ফেলেছেন প্লে-অফ খেলার, “বুঝতে পারছি, জর্দানের বিপক্ষে আমাদের খেলতে হবে।”
লাতিন আমেরিকা অঞ্চলে পঞ্চম হলে উরুগুয়েকে আগামী মাসে দুই রাউন্ডের প্লে-অফ খেলতে হবে এশিয়া থেকে পঞ্চম হওয়া জর্দানের সঙ্গে।
অবশ্য প্লে-অফ খেলে বিশ্বকাপে সুযোগ পাওয়াটাকে মোটেই খাটো করে দেখতে রাজি নন তাবারেস। গত বিশ্বকাপে তো এভাবেই উঠেছিল ওরা। মূল পর্বে দুর্দান্ত খেলে সেমি-ফাইনালেও উঠেছিল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুধু গত বিশ্বকাপেই বা কেন, ২০০২ ও ২০০৬ সালেও প্লে-অফ খেলতে হয়েছিল উরুগুয়েকে। ২০০২ সালে জিতলেও তবে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা।
আর্জেন্টিনার মতো বিশ্বকাপ নিশ্চিত হওয়া কলম্বিয়া এদিন খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। অপর ম্যাচে মুখোমুখি পেরু ও বলিভিয়া।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকা:
দেশ | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | স্বপক্ষে গোল | বিপক্ষে গোল | পয়েন্ট |
আর্জেন্টিনা | ১৫ | ৯ | ৫ | ১ | ৩৩ | ১২ | ৩২ |
কলম্বিয়া | ১৫ | ৮ | ৩ | ৪ | ২৫ | ১২ | ২৭ |
ইকুয়েডর | ১৫ | ৭ | ৪ | ৪ | ১৯ | ১৪ | ২৫ |
চিলি | ১৫ | ৮ | ১ | ৬ | ২৭ | ২৪ | ২৫ |
উরুগুয়ে | ১৫ | ৬ | ৪ | ৫ | ২২ | ২৩ | ২২ |
ভেনেজুয়েলা | ১৬ | ৫ | ৫ | ৬ | ১৪ | ২০ | ২০ |
পেরু | ১৫ | ৪ | ২ | ৯ | ১৬ | ২৫ | ১৪ |
প্যারাগুয়ে | ১৫ | ৩ | ৩ | ৯ | ১৬ | ২৯ | ১২ |
বলিভিয়া | ১৫ | ২ | ৫ | ৮ | ১৬ | ২৯ | ১১ |
