রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়
চোটের কারণে খেলতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। তাতে কী, 'পরীক্ষিত' তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেনই। পর্তুগিজ এই উইঙ্গারের নৈপুণ্যে ডেনমার্কের কোপেনহেগেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলকে সহজ জয় পাইয়ে দিতে রোনালদোর সঙ্গে দুই গোল করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার আনহেল ডি মারিয়াও।
নিজেদের মাঠ সান্তিয়াগো বানাবেউতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নয় বারের ইউরোপ সেরার ট্রফি জেতা রিয়াল। ম্যাচের ষষ্ঠ মিনিটে এসেছিল প্রথম সুযোগটি। কিন্তু ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার হেডটি লক্ষ্যভ্রষ্ট হয়।
অবশ্য গোলের জন্য দর্শকদের খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২১ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলোর ক্রস থেকে হেড করে বল জালে জড়ান রোনালদো।
দুই মিনিট বাদেই ব্যবধান বাড়ানোর সুযোগ পান মারিয়া। কিন্তু বেনজেমার দারুণ এক পাস থেকে বল জালে জড়াতে পারেননি তিনি।
বিরতির ২০ মিনিট পর দ্বিতীয় গোলটি পান ২০০৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো। মারিয়ার ক্রস থেকে জোরালো হেডে ব্যবধান ২-০ করেন পেনাল্টি এলাকায় ছুটে যাওয়া এই পতুগিজ উইঙ্গার। আগের ম্যাচে হ্যাটট্রিক করা রোনালদোর এ আসরে গোলসংখ্যা দাঁড়ালো পাঁচটিতে।
ম্যাচের জোড়া গোল করে রিয়ালকে সহজ জয় এনে দিয়েছেন রোনালদো ও আনহেল ডি মারিয়া। ছবি: রয়টার্স
ম্যাচের জোড়া গোল করে রিয়ালকে সহজ জয় এনে দিয়েছেন রোনালদো ও আনহেল ডি মারিয়া। ছবি: রয়টার্স
রোনালদোর সঙ্গে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার আনহেল ডি মারিয়াও। ছবি: রয়টার্স
কোপেনহেগেনের বিপক্ষে গোলের পর রোনালদোর উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
গ্যারেথ বেল চোটের কারণে খেলতে না পারায় মূল একাদশে স্থান পাওয়া আজেন্টিনার এই ফুটবলার দ্বিতীয় গোলটি করেন ইনজুরি সময়ে। ডি বক্সের মাঝে বল পেয়ে ডান কোণা দিয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন তিনি।
লা লিগায় মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হেরে চাপের মুখে থাকা রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এই জয়ে কিছুটা নির্ভার হলেন। ম্যাচ শেষে ইতালির এই কোচ সাংবাদিকদের বলেন, "এটা একটা ভালো মাচ ছিল। আমরা শেষ বাঁশি বাজা পর্যন্ত গোলের জন্য খেলেছি, দলের এই মনোভাব ভালো।"
প্রথম রাউন্ডে রোনালদোর হ্যাটট্রিকে গালাতাসারাইকে ৬-১ গোলে হারিয়েছিল রিয়াল। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে তারা।
২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। বুধবার রাতে 'বি' গ্রুপের অপর খেলায় তুরস্কের গালাতাসাইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইতালির দলটি।
