নতুন দল নিয়ে মুখোমুখি গার্দিওলা-পেল্লেগ্রিনি
জয়-পরাজয়ের পরিসংখ্যানে মানুয়েল পেল্লেগ্রিনির চেয়ে অনেক এগিয়ে পেপ গার্দিওলা। তবে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুজন যখন মুখোমুখি হবেন, তখন পুরনো হিসেব গোনায় না ধরাই ভালো। কারণ তাদের অধীনে থাকা দুটি দলই বর্তমানের অন্যতম সেরা।
এদিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ই গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলতে যাবে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।
বায়ার্নের গার্দিওলা আর ম্যান সিটির পেল্লেগ্রিনি দুজনই লা লিগায় কোচিং করিয়েছেন। কিন্তু ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও মালাগার কোচ হিসেবে সব সময় গার্দিলার কাছে হারতে হয়েছে পেল্লেগ্রিনিকে। ভিন্ন ঐ তিন দলের হয়ে মোট আটবার গার্দিওলার (ঐ সময় বার্সেলোনার কোচ ছিলেন) মুখোমুখি হয়েছেন চিলির এই কোচ, যার সাতটিতেই হারতে হয়েছে তার দলকে, ড্র হয়েছে একটি ম্যাচ।
তবে কঠিন এই লড়াইয়ের আগে পুরনো হিসেবের উপর ভর করে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ গার্দিওলা। “আগে সবসময় যদি আমি তাকে হারিয়েই থাকি, তবে তার কারণ হলো, ঐ সময় বিশ্বের অন্যতম সেরা দলের দায়িত্বে ছিলাম আমি। এ কারণেই সবসময় জেতাটা আমার জন্য সহজ ছিল। মানুয়েলের কাজে সব সময়ই আমি দারুণ মুগ্ধ, এক সময় তার মতোই আমি হতে চাইতাম।”
শক্তির তারতম্যে পেল্লেগ্রিনির বর্তমান দল ম্যান সিটি গার্দিওলার বায়ার্নের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। ২০১১-১২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সিটি এখন সেরাদের কাতারে। অবশ্য এটা ঠিক যে, ইউরোপ সেরার মঞ্চে তাদের পারফরম্যান্স খুবই হতাশার। গত দুই মৌসুমেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য কিছুটা এগিয়ে বায়ার্ন। গত অগাস্টে এক প্রীতি ম্যাচে সিটিকে ২-১ গোলে হারিয়েছিল জার্মান পরাশক্তিরা।
তবে ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের দুবারের দেখায় একবার করে জিতেছিল দল দুটি। প্রত্যেকেই জেতে তাদের নিজেদের মাঠে। ব্যবধানও ছিল একই, ২-০।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের প্রথম রাউন্ডে দুটো দলই ৩-০ গোলে জিতেছে। সিটি হারিয়েছে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেনকে আর বায়ার্ন রাশিয়ার সিএসকেএ মস্কোকে।
