২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি খেলোয়াড়দের হেয় করার অভিযোগ জিমির

তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি জানিয়েছেন, হকির দলবদলের সঙ্গে যুক্ত থাকা আন্দোলনকারীদের হেয় করার চেষ্টা করা হচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 07:56 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

শুক্রবার বাংলাদেশ হকি ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানা উপস্থিত ছিলেন।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ হকিতে আট দলের মধ্যে সপ্তম হয়েছে বাংলাদেশ। এই ব্যর্থতার জন্য এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে ইচ্ছা করে ভালো না খেলার এবং দলের ঐক্য নষ্ট করার অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে জিমি বলেন, “প্রতিবেদন জমা দেয়ার আগে তদন্তের ফলাফল কীভাবে প্রকাশিত হলো তা রহস্যজনক। এক্ষেত্রে কোচেরও (নাভিদ আলম) ত্রুটি থাকতে পারে। এখন কোচের বিচার কে করবে?” “টেকনিক্যাল বিষয় বাদ দিয়ে এমন সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যা আমাদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছে।” ওমানের কাছে হেরে যাওয়া ম্যাচে আঁতাতের অভিযোগ প্রসঙ্গে জিমি বলেন, “মালয়শিয়ায় সবগুলো দল একই হোটেলে ছিল। সবার সঙ্গে সবার সব সময়ই দেখা হয়েছে। এক সঙ্গে চলা-ফেরা হতেই পারে। এখানে আঁতাতের কিছু নেই।” জাহিদ বলেন, “হকি দলগত খেলা। আমরা ছাড়া আর কেউ কি খেলেনি? আমাদের খেলা সন্দেহজনক হলে আমাদের বসিয়ে রাখতে পারতো। কোচ কিন্তু তা করেননি।”