ফ্যালকাওয়ের জোড়া গোলে মোনাকোর জয়
গোল করেই চলেছেন রাদামেল ফ্যালকাও। বুধবার তার জোড়া গোলের সুবাদে ফরাসি লিগে বাস্তিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নতুন রূপে গড়ে ওঠা মোনাকো।
এই জয়ের ফলে যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে মোনাকো। সাত ম্যাচে পাঁচ জয় আর দুই ড্র’য়ে তাদের পয়েন্ট ১৭। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।
ঘরের মাঠ স্তাদিও লুইসে ৩৯ মিনিটে মোনাকোর প্রথম গোলটি করেন স্ট্রাইকার এমানুয়েল লুইস। আর ৪১ ও ৮৯ মিনিটে গোল দুটি করেন আতলেতিকো মাদ্রিদ থেকে মোনাকোতে যোগ দেয়া কলম্বিয়ার স্ট্রাইকার ফ্যালকাও। এ পর্যন্ত সাত গোল করে লিগের গোলদাতার তালিকায় সবার উপরে আছেন তিনি।
ফরাসি লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি জয় পেলেও হেরে গেছে অলিম্পিক লিও।
বুধবার রাতে ভ্যালেনসিয়েনের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে পিএসজি। আর ২০০১-০২ থেকে ২০০৭-০৮ পর্যন্ত টানা আট মৌসুম ফরাসি লিগের চ্যাম্পিয়ন লিও ২-১ গোলে হেরে গেছে আজাকসিওর কাছে।
