লিভারপুলকে হারিয়ে ম্যান ইউর প্রতিশোধ
ইংলিশ লিগ কাপে লিভারপুলকে হারিয়ে প্রিমিয়ার লিগে হারার প্রতিশোধ নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
নক-আউট ভিত্তিক এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল লিভারপুল ১-০ গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল।
প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউর জয়ের নায়ক হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফেরা হ্যাভিয়ের হার্নান্দেজ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ওয়েইন রুনির কর্নার থেকে আলতো টোকায় গোল করে দলকে এগিয়ে নেন মেক্সিকোর এই স্ট্রাইকার।
এর আগে প্রথমার্ধের দুই দলেরই দু'টি করে সুযোগ স্ট্রাইকারদের ব্যর্থতায় হাতছাড়া হয়ে যায়।
পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে উঠা অতিথিরা ৫৪ মিনিটে সমতা ফেরানোর খুব কাছে পৌঁছে গিয়েছিল। জর্ডান হেন্ডারসনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সে যাত্রায় বেঁচে যায় চারবারের চ্যাম্পিয়ন ম্যান ইউ।
এরপরই পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা। ৫৯ মিনিটে পর্তুগিজ তারকা নানির শট বার ঘেঁষে যাওয়ার পর ৬৪ মিনিটে জাপানের মিডফিল্ডার শিনজি কাগাওয়ার শট ক্রসবারে লাগায় ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ নষ্ট হয়।
১০ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে লিভারপুলের পক্ষে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামেন সুয়ারেস।
৭২ মিনিটে ২৫ গজ দূর থেকে সুয়ারেজের ফ্রি-কিক ডিফেন্ডার জোনাসের মাথায় লেগে বারে আঘাত হানলে সমতা ফেরানোর আরেকটা সুযোগ হারায় টুর্নামেন্টের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন লিভারপুল।
খেলার অন্তিম মুহূর্তেও সুযোগ এসেছিল লিভারপুলের সামনে। ৮৯ মিনিটে ম্যান ইউ গোলরক্ষক ডি জিয়া দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়ার পর অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তোরের শট।
নতুন কোচ ডেভিড ময়েসের অধীনে বড় দলের বিপক্ষে এটাই ম্যান ইউর প্রথম জয়। গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার আগে অ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুলের কাছেও পরাস্ত হয়েছিল তারা। ইংলিশ ফুটবলের আরেক পরাশক্তি চেলসির সঙ্গে কোনোমতে ড্র করে দলটি।
ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডে আগের ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নকে হারিয়েছে আর্সেনাল।
