২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপে ম্যান সিটির বড় জয়

ইংলিশ ফুটবল লিগ কাপে ম্যানচেস্টার সিটি বড় জয় পেলেও হেরে গেছে এভারটন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 09:32 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

পুরনো খবর:

চেলসি, টটেনহামের প্রত্যাশিত জয়

মঙ্গলবার রাতে উইগান অ্যাথলেটিককে ৫-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর এভারটন ২-১ গোলে হেরে গেছে ফুলহামের কাছে।

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।

এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের শুরু থেকে অতিথিদের ওপর মারাত্মক চাপ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অবশেষে ম্যান সিটিকে ৩৩ মিনিটে এগিয়ে নেন স্ট্রাইকার এদিন জেকো।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে বদলি হিসেবে নামা ইয়াইয়া তোরের দারুণ ফ্রি-কিক প্রতিপক্ষের জাল খুঁজে পাওয়ার আগে ৬০ মিনিটে ব্যবধান বাড়ান আরেক স্ট্রাইকার স্তেভান ইয়োভেতিচ।

গত রোববার প্রিমিয়ার লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে গুড়িয়ে দেয়া ম্যান সিটির পক্ষে ৮৩ মিনিটে মন্ট্রেনেগ্রোর স্ট্রাইকার ইয়োভেতিচ ও ৮৬ মিনিটে স্পেনের স্ট্রাইকার হেসুস নাভাস গনসালেস চতুর্থ ও পঞ্চম গোলটি করেন।

এভারটন-ফুলহাম

প্রতিপক্ষের মাঠ লন্ডনের ক্রাভেন কলেজে ১১ মিনিটের মাথায় স্টিভেন নাইস্মিথের গোলে এগিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে খাকা এভারটন।   

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বুলগেরিয়ার স্ট্রাইকার দিমিত্রি বারবাতোভের গোলে সমতা আনে ফুলহাম।

৬৭ মিনিটে ড্যারেন ব্রেন্টের লক্ষ্যেভেদে এগিয়েও যায় ফুলহাম। কারাগনিয়াসের দ্রুত নেয়া ফ্রিকিক থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রেন্ট। তাতেই তৃতীয় রাউন্ড থেকে এভারটনের বিদায় নিশ্চিত যায়।

মঙ্গলবার রাতে চেলসি ২-০ গোলে সুইনডনকে এবং টটেনহাম ৪-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে।

অন্যান্য ম্যাচগুলোর মধ্যে প্রিমিয়ার লিগের দল হাল সিটি ১-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে। অতিরিক্ত সময়ে নরউইচ ৩-২ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। একই ব্যবধানে ওয়েস্ট হাম ইউনাইটেড হারিয়েছে কার্ডিফ সিটিকে।

বার্নলি ২-১ গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্টকে। একই ব্যবধানে লিস্টার সিটি হারিয়েছে ডার্বি কাউন্টিকে। সাউথ্যাম্পটন ২-০ গোলে হারিয়েছে ব্রিস্টল সিটিকে। একই ব্যবধানে সান্ডারল্যান্ড হারিয়েছে পিটারবোরো ইউনাইটেডকে।