ডর্টমুন্ডকে হারালো নাপোলি
ইউরোপ সেরা ক্লাব হওয়ার লড়াইয়ে গতবারের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান সেরি আর দল নাপোলি।
নাপোলির মাঠ স্তাদে সান পাওলোয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের এই ম্যাচে ২৯ মিনিটে দলকে এগিয়ে নেন আর্জেন্টিনা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। কলম্বিয়ার হুয়ান ক্যামিলোর শট থেকে জোরালো এক হেডে গোলরক্ষককে পরাস্ত করেন এ মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে নাপোলিতে যোগ দেয়া এই তারকা।
একমাত্র গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় গতবারের রানার্সআপরা।
তবে ডর্টমুন্ড তাদের চরম ধাক্কাটা খায় প্রথমার্ধের শেষমুহূর্তে; ইনজুরি সময়ে বল পায়ে ছুটে আসা হিগুয়াইনকে রুখতে নিজের সীমানার বাইরে এসে হাত দিয়ে বল ধরেন ডর্টমুন্ডের অধিনায়ক ও গোলরক্ষক ভাইডেনফেলার। সে অপরাধে তাকে লাল কার্ড দেখান রেফারি।
৬৭ মিনিটে নাপোলির পক্ষে দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার লরেন্সো ইনসেইনে। ৩০ গজ দুর থেকে নেয়া দুর্দান্ত এক ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন তিনি।
২-০ গোলে পিছিয়ে পড়ে দশজনের ডর্টমুন্ড যেন খেই হারিয়ে ফেলে। সংঘবদ্ধ তেমন কোনো আক্রমণই তারা করতে পারেনি। অবশেষে ৮৭ মিনিটে কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান ক্যামিলো সুনিগার আত্মঘাতী গোলে সমতায় ফেরার ক্ষীণ আশার আলো দেখতে পায় অতিথিরা।
দুই মিনিট বাদে ডর্টমুন্ডের ফরোয়ার্ড মার্কো রয়েস দারুণ একটা সুযোগও পেয়েছিলেন কিন্তু দারুণ দক্ষতায় তার সে প্রচেষ্টা রুখে দেন স্পেনের গোলরক্ষক পেপে রেইনা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে ফ্রান্সের ক্লাব মার্সেইকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডের দল আর্সেনাল।
