২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন বায়ার্নের সহজ জয়

সহজ জয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করেছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের খেলায় সিএসকেএ মস্কোকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 09:25 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

পুরনো খবর:

ম্যান সিটির সহজ জয়

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় লক্ষ্যভেদ করেছন ডাভিদ আলাবা, মারিও মানজুকিচ ও আরিয়েন রোবেন।

খেলার তৃতীয মিনিটেই ফ্রিকিকে গোল করে প্রথম জার্মান দল হিসেবে গত মৌসুমে ‘ট্রেবল’ জেতা বায়ার্নকে এগিয়ে নেন অস্ট্রিয়ার আলাবা।

৬ ও ১৪ মিনিটে দুবার মানজুকিচকে হতাশ করেন মস্কোর গোলরক্ষক ইগর আকিনফিভ। ৩৭ মিনিটে আকিনফিভকে পরাস্ত করলেও পোস্টে লেগে তৃতীয় সুযোগটি নষ্ট হয় মানজুকিচের । ৪১ মিনিটের মাথায় এসে সফল হলেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার। রোবেনের ফ্রিকিক থেকে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রুশ দলটির রক্ষণভাগের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে বায়ার্ন। ৪৯ ও ৫৭ মিনিটে রোবেনের দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দিলেও ৬৮ মিনিটে হার মানতে হয় আকিনফিভকে। মাঝমাঠ থেকে আলাবার বাড়ানো বল থেকে রোবেনের দুর্দান্ত ভলি বায়ার্নের জয় নিশ্চিত করে।

খেলার শেষ তিন মিনিটে দুটি সহজ সুযোগ হাতছাড়া না হলে আরো বড় ব্যবধানেই জিততে পারতো গত মৌসুমে বার্সেলোনাকে গুড়িয়ে দেয়া বায়ার্ন। 

রুশ লিগের শীর্ষে থাকা  সিএসকেএ মস্কো প্রতিপক্ষের মাঠে খুব একটা সুবিধা করতে পারেনি। ২০০৯-১০ মৌসুমে কোয়ার্টার ফাইনালে খেলা দলটি পরিস্কার সুযোগ তৈরি করতেই ব্যর্থ হয়েছে এই ম্যাচে।

মঙ্গলবার ‘ডি’ গ্রুপের অন্য খেলায় একই ব্যবধানে চেক প্রজাতন্ত্রের ভিক্তর প্লাজেনকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।