২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে আনচেলত্তির রেকর্ড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্যালাতাসারাইয়ের মুখোমুখি হলে অনন্য এক রেকর্ড গড়া হয়ে যাবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। ইউরোপের সেরা এই ক্লাব টুর্নামেন্ট এ নিয়ে মোট ছয়টি দলকে নিয়ে এলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 12:09 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

মঙ্গলবার রাতে তুরস্কের ইস্তানবুলে গ্রুপ 'বি' এর ম্যাচটি শুরু হলে ইতালির এই কোচ ছাড়িয়ে যাবেন স্পেনের রাফা বেনিতেজ, ডাচ রোনাল্ড কোয়েম্যান আর স্বদেশী ক্লদিও রেনিয়েরিকে। এদের প্রত্যেকে পাঁচটি করে দলকে চ্যাম্পিয়ন্স লিগে কোচিং করিয়েছেন।

এই রেকর্ড প্রেরণা যোগাবে বলে জানিয়েছেন ৫৪ বছর বয়স্ক আনচেলত্তি।

সোমবার ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ছয়টি ভিন্ন দলকে নেতৃত্ব দিতে পারা প্রথম কোচ হতে যাওয়ায় আমার বিশেষ অনুভূতি হচ্ছে।"

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে পারমা, জুভেন্টাস, এসি মিলান, চেলসি ও পারি স্য জার্মাকে (পিএসজি) নিয়ে এসেছিলেন আনচেলত্তি। এর মধ্যে এসি মিলানকে জিতিয়েছিলেন ২০০৩ ও ২০০৭ সালের শিরোপা।

গত মৌসুম শেষে পতুগিজ কোচ জোসে মরিনিয়োর কাছ থেকে রিয়ালের দায়িত্ব নেন আনচেলত্তি। দলকে চ্যাম্পিয়ন্স লিগের ১০তম শিরোপ এনে না দিতে পারলে বেশ চাপেই পড়বেন তিনি। কারণ ২০০২ সালের পর থেকে এ শিরোপা আর জেতেনি স্পেনের দলটি।

‘বি’ গ্রুপে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মধ্যে শক্ত লড়াই হবে শীর্ষস্থানের জন্য। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের প্রথম দুটি করে মোট ১৬ দল খেলবে পরবতী রাউন্ড বা নক আউট পর্বে।

পুরনো খবর:

শুরু হচ্ছে ইউরোপ সেরার লড়াই