শুরু হচ্ছে ইউরোপ সেরার লড়াই
ইউরোপের বড় লিগগুলো মাত্র জমেছে, এর মধ্যেই কোনো বিরতি ছাড়াই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্লাব টুর্নামেন্ট ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ’।
মঙ্গলবার রাতে মাঠে নামবে ১৬টি দল। গ্রুপ পর্যায়ের লড়াইয়ে পরদিন খেলবে বাকি ১৬টি।
প্রথম দিনই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেড, সেরি আর সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী জুভেন্টাস ও ২০০৮ সাল থেকে নতুন মালিকানায় দারুণভাবে ঘুরে দাঁড়ানো ম্যানচেস্টার সিটি।
প্রথম পর্বে কোনো ‘গ্রুপ অব ডেথ’ না থাকলেও ‘বি’ গ্রুপে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মধ্যে শক্ত লড়াই হবে শীর্ষস্থানের জন্য।
বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল রিয়ালকে দশম শিরোপা এনে দিতে পারবে কি-না তাই দেখার বিষয়।
এসি মিলানের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা সম্পন্ন কোচ কার্লো আনচেলত্তি কিন্তু রোনালদো-বেল জুটিতে দারুণ আশাবাদী।
গ্রুপের আরেক সফল দল জুভেন্টাসে অবশ্য নেই অমন কোনো বড় তারকা। তবে ঘরোয়া লিগে তারা বরাবরই শক্তিশালী্। ইউরোপ সেরার মঞ্চে ওরা মাত্র দুইবার সাফল্য পেয়েছে কিন্তু ইতালিয়ান সেরি আয় তাদের শিরোপা রেকর্ড ২৯টি।
খুব বড় কোনো তারকা না হলেও বেশ কার্যকর খেলোয়াড় আর্জেন্টিনার কার্লোস তেভেজকে এবার দলে ভিড়িয়েছে তারা। তাই ভক্তদের প্রত্যাশা ১৮ বছর পর আবারো মহাদেশ সেরার খেতাব পাবে ইতালির দলটি। ১৯৯৫-৯৬ মৌসুমে দ্বিতীয় ও শেষ এই শিরোপা জিতেছিল তারা।
গত মৌসুমে জার্মানির প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগসহ ‘ট্রেবল’ জয়ী বায়ার্ন এবারো শিরোপার অন্যতম দাবিদার। তাছাড়া গত চার মৌসুমে তিনবারই এই প্রতিযোগিতার ফাইনাল খেলেছে দলটি।
বায়ার্নকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়া কোচ ইয়ুপ হেইঙ্কেস বিদায় নিলেও তার স্থলাভিষিক্ত পেপ গার্দিওলাও কম অভিজ্ঞ নন। বার্সেলোনার কোচ হিসেবে দু’দুবার এই শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। ইউরোপ সেরার মঞ্চে ষষ্ঠ সাফল্যের আশা তাই করতেই পারে বায়ার্ন।
বায়ার্নের গ্রুপে আছে আরেক শক্তিশালী দল ম্যানচেস্টার সিটি, যারা চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই ব্যর্থ। গত দুই মৌসুমে প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা।
সিটির নগর প্রতিদ্বন্দ্বী দল ম্যানচেস্টার ইউনাইটেড যেকোনো প্রতিযোগিতায়ই থাকে ফেভারিট হিসেবে। তবে ফার্গুসনের উত্তরসূরী হিসেবে দায়িত্ব নেয়া ডেভিড ময়েস ইউরোপ সেরার লড়াইয়ে অনভিজ্ঞ এক নাম। এর আগে কখনই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লড়াইয়ের কোনো অভিজ্ঞতা নেই তার।
তবে তা খুব একটা ভাবাচ্ছে না এভারটনের সাবেক এই কোচকে। বরং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে লড়াই করার স্বাদ পেয়েই রোমাঞ্চিত ময়েস।
“অধীর আগ্রহে আমি এর (প্রতিযোগিতা শুরুর) অপেক্ষা করছি। ইউরোপা লিগের কিছু অভিজ্ঞতা আমার আছে তবে অবশ্যই তা চ্যাম্পিয়ন্স লিগের মানের নয়।”
শিরোপা লড়াইয়ে থাকবে চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতালানিয়া দলটির সাফল্যের মূল উৎস টানা চারবার ফিফা বর্ষসেরার পুরস্কার জয়ী লিওনেল মেসি, তাতে সন্দেহ নেই। সঙ্গে এবার আবার যোগ হয়েছে ব্রাজিল তারকা নেইমার।
এই দুইয়ের জুটি ইতোমধ্যে বার্সাকে আরো বেশি সমৃদ্ধ করার আভাস দিয়েছে। ভক্তদের আশা- চ্যাম্পিয়ন্স লিগেও তারা তা বজায় রাখবে।
বার্সার গ্রুপেই আছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী এসি মিলান, সাতবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। অবশ্য সাম্প্রতিককালে তাদের পারফরম্যান্স ভালো নয়।
চেলসি ও বরুসিয়া ডর্টমুন্ডের সম্ভাবনাও আছে বৈকি। ২০১১-১২ মৌসুমে হারতে হারতে যেভাবে শিরোপা জিতেছিল চেলসি তাতে আরেকবার প্রমাণ হয় ‘চূড়ান্ত ফেভারিট’ বলে আসলে কিছু নেই। আর এবার তো স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে যোগ দিয়েছেন পোর্তো ও মিলানের হয়ে এই প্রতিযোগিতার শিরোপা জেতা মরিনিয়ো।
দুইবার ইউরোপ সেরা হওয়া গতবারের রানার্সআপ ডর্টমুন্ডের সাম্প্রতিক পারফরম্যান্স এক কথায় চমৎকার।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের প্রথম দুটি করে মোট ১৬ দল খেলবে পরবতী রাউন্ড বা নক আউট পর্বে। আর তৃতীয় স্থানে থাকা দলগুলো সুযোগ পাবে ইউরোপা লিগে।
