২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই চেলসি অপরাজেয় নয়: মরিনিয়ো

ইপিএলে ফিরে এসে প্রথম হারের তেতো স্বাদ পেয়েই সতর্ক হয়ে উঠেছেন চেলসির কোচ জোসে মরিনিয়ো। এবার হয়ত তার আগের মেয়াদের মতো শিগগিরই সাফল্য মিলবে না বলেই ধারণা করছেন এই পর্তুগিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

গত শনিবার এভারটনের বিপক্ষে ১-০ গোলে হেরে চার ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে নেমে গেছে চেলসি। এরপরই থেকেই স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মরিনিয়োর এই উপলব্ধি।

এর আগে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ছয়টি শিরোপা জিতেছিলেন মরিনিয়ো। প্রথম লিগ শিরোপাটা জিতেছিলেন প্রথম বছরেই।

স্মৃতিচারণায় তিনি বলেন, “না, ২০০৪ সাল আবার ফিরে আসবে না। সে বছর অক্টোবরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আমরা হেরেছিলাম- সেটাই আমাদের একমাত্র হার ছিল। তবে সেটা আলোচনার বিষয় নয়। মূল কথা হলো আমরা অপরাজেয় নই। এটা (বর্তমান চেলসি) ভিন্ন একটা দল।”

তাই বলে দলের এমন হতাশার ফলও মেনে মিতে রাজি নন ভিন্ন দুই দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মরিনিয়ো।

তিনি বলেন, “এখানে আমি কাজ করতে এসেছি। আমি চাই সময় নিয়ে কাজ করতে, খেলোয়াড়দের উন্নতি করতে এবং তাদের ও আমাদের সম্ভবপর সেরা খেলাটা খেলতে। আমাদের কার্যকর ফুটবল খেলতে হবে।”

পুরনো খবর:

চেলসির প্রথম হার, জয়ে ফিরলো ম্যান ইউ